মাদারীপুর, ফেব্রুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর সদর উপজেলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে বাসের কমপক্ষে ৩০ যাত্রী আহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সদর উপজেলার মস্তফাপুরের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
মাদারীপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, খুলনা থেকে মাদারীপুরগামী রুপসী পরিবহনের বাসটির সঙ্গে বিপরীতমুখী ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের কমপক্ষে ৩০ যাত্রী আহত হয়।
আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবার পরিচয় পাওয়া যায়নি।
মাদারীপুর থানার ওসি মো. কায়ুম আলী সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এদের মধ্যে বাসের হেলপার অনিক সরদার, যশোরের মুক্তা আক্তার, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আবদুর রউফ, মাদারীপুরের ইয়াদুল বেপারী ও সিদ্দিক কারিগরের অবস্থা আশঙ্কাজনক।
ওসি জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬১২ ঘ.
bdnews24