খাগড়াছড়ি, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জের ধরে বুধবার খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় আওয়ালীগের দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছে।
পানছড়ি বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা জানান, কমিটি গঠন নিয়ে উপজেলা পর্যায়ের এক সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিনকে কমিটিতে না রেখে সাধারণ সম্পাদক বাহার মিয়াকে রাখা হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা হয়।
এর জের ধরে সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মাঠে সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে সংযর্ষ হয়। পরে দুপুর ২টার দিকে পানছড়ি বাজারে সিনিয়র নেতাদের উপস্থিতিতে আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষের কর্মীরা।
এতে যুবলীগের সদস্য ছগির আহাম্মদ, ইউসুফ আলী ও খায়রুল বাসার বাবুল আহত হন। এদর মধ্যে খায়রুল বাশার বাবুলকে (৩৫) খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকি দুজনকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন জানান, "নিজেদের ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের কারণে এ সংঘর্ষ বাঁধে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পানছড়ি বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে।"
জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক অধ্যক্ষ সমীর দত্ত বলেন, "এটি দলীয় বিষয়। এ নিয়ে জরুরি সভা ডাকা হয়েছে।"
পানছড়ির উপজেলা চেয়ারম্যান সর্ব্বোত্তম চাকমা বলেন, "এটা ছাত্রলীগ ও যুবলীগের কোন্দলের বহিঃপ্রকাশ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২২৩০ ঘ.
bdnews24