রংপুর, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকায় রাস্তা পার হওয়ার সময় এক ব্যক্তি ও তার মেয়ে ট্রাক চাপায় ঘটনাস্থলেই মারা গেছে।
বুধবার বিকাল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।
পুলিশ ট্রাকটি আটক করলেও এর চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
মহাসড়ক পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আনছার আলী সাংবাদিকদের বলেন, বাবা রিপন চন্দ্র মণ্ডল (৩০) ও তার মেয়ে চমন চন্দ্র মণ্ডলকে (১০) সড়ক পার হওয়ার সময় ঢাকামুখী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১১- ৪১৬৭) তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।
মিঠাপুকুর থানার ওসি আলতাফ হোসেন জানান, পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমএসবি/২১৪৮ ঘ.
bdnews24