ঢাকা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, কুড়িগ্রামসহ দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলার বিভিন্ন স্থানে বুধবার দুপুরে দমকা হাওয়াসহ শিলাবৃষ্টি হয়েছে।
এর মধ্যে পঞ্চগড়ে শিলাবৃষ্টির সময় চারদিকে আঁধার নেমে আসে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, এ সময়ে শিলাবৃষ্টি অস্বাভাবিক কিছু নয়। কারণ কালবৈশাখী ঝড়ের সময় ঘনিয়ে এসেছে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
পঞ্চগড়: সকাল থেকেই জেলার আকাশ ছিলো মেঘাচ্ছন্ন। থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিলো। দুপুরের পর শুরু হয় শিলাবৃষ্টি ও ঝড়। দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে হঠাৎ করেই অন্ধকার নেমে আসে। এ সময় রাস্তায় থাকা যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। প্রায় ১০ মিনিট এ অবস্থা থাকার পর আঁধার কেটে যেতে শুরু করে।
এদিকে, ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে জেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ার খবর পাওয়া গেছে।
বেলা সোয়া ৩টার দিকে জেলা প্রশাসক বনমালী ভৌমিক জানান, তিনি ঢাকা থেকে পঞ্চগড়ের পথে রয়েছেন- এ কারণে তেমন কিছু বলতে পারছি না। তবে তিনি ঝড়-বৃষ্টির কথা শুনেছেন।
ঠাকুরগাঁও: বিকালে প্রচণ্ড ঘুর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ধনতলা ও পারিয়া ইউনিয়নের ৭০টি কাঁচা বাড়ি ধসে পড়ে।
বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান প্রবীর কুমার রায় ও ইউএনও মনিরুজ্জামান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জানান, চারিদিকে শুধু সাদা বরফের [শিলার] স্তূপ। শিলা বৃষ্টিতে এই উপজেলার প্রায় ৫ হাজার হেক্টর জমির গম ও ভুট্টা ক্ষেত সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। গম ক্ষেতে ৬ থেকে ৭ ইঞ্চি শিলা জমে থাকতে দেখা যায়।
খবর পেয়ে বিকালেই জেলা প্রশাসক মুহা. শহিদুজ্জামান বালিয়াডাঙ্গীতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।
একই সময় সদর উপজেলা ও হরিপুর উপজেলার ওপর দিয়েও বয়ে যায় শিলাবৃষ্টি।
হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন-অর-রশিদ জানান, শিলা বৃষ্টিতে এই উপজেলার ৭০ ভাগ গম ক্ষেত নষ্ট হয়েছে। শিলার আঘাতে ৩০ থেকে ৫০ কৃষক আহত হয়েছে।
ঠাকুরগাঁও শস্য উৎপাদন বিশেষজ্ঞ আব্দুল মজিদ জানান, সদর উপজেলার রুহিয়া ও আখানগর ইউনিয়নে শিলাবৃষ্টিতে গমের ব্যাপক ক্ষতি হয়েছে।
কুড়িগ্রাম: জেলার উলিপুর, চিলমারীসহ বেশকিছু স্থানে বিকালের দিকে শিলাবৃষ্টি হয়েছে। এতে এসব এলাকার গম, আলু ও বিভিন্ন রবিশস্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ছাড়া নীলফামারীতেও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে।
এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ সময়ে দমকা হাওয়াসহ শিলাবৃষ্টি হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। পশ্চিমা লঘুচাপ বাংলাদেশ অংশে এসে পূর্বদিকে অগ্রসর হওয়ার সময় বঙ্গোপসাগরের জলীয় বাষ্পের যোগান পেয়ে মেঘ সৃষ্টি করে। এ সময় আকাশে অস্থিরতা থাকলে তা শিলাবৃষ্টিতে পরিণত হয়।"
তিনি জানান, বৃহস্পতিবার দেশের উত্তর ও উত্তর-পূর্বদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার এর প্রভাব দুর্বল হয়ে পড়বে।
বুধবার সকালেই এই শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিলো বলেও জানান আবদুল মান্নান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/এএল/পিডি/২০৪৮ ঘ.
bdnews24