ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দু'দিনের উপচে পড়া ভিড়ের পর যেন মঙ্গলবার একুশের বইমেলায় স্বচ্ছন্দে হেঁটে পছন্দের বইটি খোঁজার সুযোগ পেলেন বইপ্রেমীরা।
উৎসবমুখর গত দু'দিন মেলা প্রাঙ্গণে তিল ধারণের ঠাঁই ছিলো না।
এমনই একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আফসার উদ্দিন চৌধুরী। নাতি- নাতনীদের নিয়ে মেলায় ঘুরতে দেখা যায় তাকে।
কবিতার বই পছন্দ আফসার উদ্দিন চৌধুরীর। আগেও পড়েছেন, তারপরও বইটি সংগ্রহে রাখার জন্য হুমায়ুন আজাদ সম্পাদিত নির্বাচিত কবিতার বইটি কিনে নিলেন।
মেলার নজরুল মঞ্চে এ সময় মোড়ক উন্মোচন হচ্ছিলো শামসুল আরেফিনের কবিতার বই 'গোলাভরা বিধবা ময়ূর'। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বইটির মোড়ক উন্মোচন করেন। বেশ আগ্রহ নিয়েই আফসার উদ্দিন বইটি সংগ্রহের জন্য পলল প্রকাশনীতে ঢুঁ মারেন।
তার মতে, কবিতায় উপমা ও রূপকে জীবনকে তুলে ধরা যায়। খুব কম শব্দে অর্থবহ বার্তায় জীবনের মূল্যবোধ, আশেপাশের প্রকাশভঙ্গিগুলো কবিতায় তুলে ধরা হয়। আর তাই তিনি কবিতা ভালোবাসেন।
নাতি-নাতনীদেরও তাদের পছন্দের বই কিনে দিতে ভোলেননি আফসার উদ্দিন।
এবার মেলায় কবিতার বই এসেছে ৩৩ টি। আল-আমিন প্রকাশনী থেকে বেরিয়েছে টোকন ঠাকুরের 'কবিতা কুটিশিল্প', অ্যাডর্ণ পাবলিকেশন্স থেকে হাবিবুল্লাহ সিরাজীর 'যমজ প্রণালী', অনন্যা প্রকাশন থেকে কামাল চৌধুরীর 'নির্বাচিত একশ কবিতা', পলল থেকে ফেরারী কৌশিকের 'তিন তরুণের কবিতা', আমানউল্লাহ অশ্র"'র 'তোমাকে আসছে দেখে পায়রা উড়ছে'।
এদিন মেলায় মোট নতুন বই এসেছে ১১২টি। এর মধ্যে গল্পের বই ১৫টি, উপন্যাসের ১৭ টি, প্রবন্ধ ১১ টি। এছাড়া রয়েছে মুক্তিযুদ্ধ, গবেষণা, স্বাস্থ্য, রাজনীতি, কম্পিউটার বিষয়ক বই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/২৩৪০ ঘ.
bdnews24