২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুজিব-ইন্দিরা চুক্তি বাস্তবায়নের দাবি এরশাদের

১৯৭৪ সালের মুজিব-ইন্দিরা চুক্তি বাস্তবায়নের মাধ্যমেই ছিটমহলবাসীর সমস্যার সমাধান হতে পারে বলে মনে করেন জাতীয় পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2011, 05:44 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

রংপুর, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৭৪ সালের মুজিব-ইন্দিরা চুক্তি বাস্তবায়নের মাধ্যমেই ছিটমহলবাসীর সমস্যার সমাধান হতে পারে বলে মনে করেন জাতীয় পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদ। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ চুক্তি বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণের দাবি জানান। মঙ্গলবার বিকালে রংপুর ঈদগাহ ময়দানে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময়ে মুজিব-ইন্দিরা চুক্তি বাস্তবায়নের দাবিতে আয়োজিত সমাবেশে এরশাদ এ আহ্বান জানান। অনুষ্ঠানে সাবেক এই রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর মতো নেতা ছিলেন বলে মুজিব-ইন্দিরা চুক্তি করতে পেরেছিলেন। কিন্তু দীর্ঘ ৩৫ বছরেও এ চুক্তি বাস্তবায়নের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এরশাদ বলেন, রংপুর বিভাগের অধীন শতাধিক ছিটমহলের তিন লাখ মানুষ দীর্ঘ ৬৪ বছর ধরে বাংলাদেশের নাগরিক হয়েও 'পরবাসী' জীবনযাপন করছে। তারা সব নাগরিক অধিকার থেকে বঞ্চিত। ছিটমহলের বাসিন্দাদের বিচার পাওয়ার সুযোগ নেই, নাগরিক হয়েও নিজ ভূখণ্ডে আসতে পারে না, ভোট দিতে পারে না। তাদের পরিচয়পত্র নেই। ভোটার আইডি কার্ডও নেই। ছিটমহলবাসীর দাবির প্রতি সংহতি প্রকাশ করে এরশাদ বলেন, মুজিব-ইন্দিরা চুক্তি বাস্তবায়নের মাধ্যমেই এ সমস্যার সমাধান সম্ভব। বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির নেতা আনোয়ার হোসেন সাদত সম্রাটের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন- ভারত থেকে আসা ছিটমহল বিনিময় কমিটির সহ-সাধারণ সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত, সংগ্রাম কমিটির নেতা গোলাম মোস্তফা প্রমুখ। বিভিন্ন ছিটমহল থেকে কয়েক হাজার লোক সমাবেশে যোগ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনধি/ডিডি/২৩১৩ ঘ.