ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুগঞ্জ নদীবন্দর ব্যবহার করে কলকাতা থেকে আগরতলায় ভারতীয় পণ্য পরিবহনে আপত্তি নেই নৌ মন্ত্রণালয়ের। তবে শুল্ক কিংবা মাশুল আদায়ে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দায়িত্ব নিতে হবে।
নৌ সচিব আব্দুল মান্নান হাওলাদার মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে বলেন, "আশুগঞ্জ বন্দর ব্যবহারে আমরা (নৌ-পরিবহন মন্ত্রণালয়) ভারতকে অনুমোদন দিয়েছি। এ বিষয়ে আমাদের কোনো সমস্যা নেই। তবে ট্রান্সশিপমেন্টের জন্য শুল্ক কিংবা ফি আদায়ের দায়িত্ব আমাদের নয়।"
রোববার ভারতের সঙ্গে ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড (আইডব্লিউটিটি) চুক্তি এক বছরের জন্য নবায়ন শেষে দেশে ফিরে তিনি তড়িঘড়ি এ ব্রিফিংয়ের আয়োজন করেন।
আশুগঞ্জ বন্দরে দৈনিক গড়ে ৫০ হাজার টন মালামাল উঠানামা হয় জানিয়ে আব্দুল মান্নান হাওলাদার বলেন, ভারতের কলকাতা থেকে আগরতলায় পণ্য পরিবহনে কেউ যদি এ বন্দর ব্যবহার করতে চায় তবে সে বিষয়ে নৌ মন্ত্রণালয়ের কোনো সমস্যা নেই।
গত বছর মে মাসে আশুগঞ্জ বন্দর ব্যবহার করে কলকাতা থেকে আগরতলায় পণ্য পরিবহনের অনুমোদন দেয় বাংলাদেশ।
গত বছরের জানুয়ারিতে নয়াদিল্লি সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের যৌথ ইশতেহারের আলোকে বাংলাদেশ সরকার ওই বছরের মেতে আশুগঞ্জকে পঞ্চম বন্দর ঘোষণা করে।
পরবর্তীতে সরকার ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড (আইডব্লিউটিটি) চুক্তিতে এক সংযোজনীর মাধ্যমে আশুগঞ্জ দিয়ে ত্রিপুরায় ভারতীয় কার্গো ট্রান্সশিপের অনুমোদন দিয়ে আশুগঞ্জকে দ্বিতীয় ট্রান্সশিপমেন্ট পয়েন্ট ঘোষণা করে।
নৌ সচিব বলেন, "ইতোমধ্যে এনবিআর বন্দরে একটি কার্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছে জানালেও তা চালু হয়েছে কিনা সেটা আমি জানি না।"
গত বছরের জুন থেকেই আশুগঞ্জ বন্দর দিয়ে পণ্য পরিবহনের অনুমোদন চেয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাছে বেশ কয়েকবার অনুরোধ জানিয়েছে ভারত।
মান্নান হাওলাদার জানান, কলকাতা থেকে আশুগঞ্জ পর্যন্ত নৌ যানের পরিবহন ভাড়া এখনো ঠিক করা হয়নি। তবে খুব শিগগিরই তা নির্ধারিত হবে।
কলকাতা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত পণ্য পরিবহণে নৌযান মালিকরা টন প্রতি ১২ মার্কিন ডলার ভাড়া আদায় করছেন।
তিনি জানান, পরীক্ষামূলকভাবে নারায়ণগঞ্জের খানপুর কন্টেইনার টার্মিনালের ব্যবস্থাপনার দায়িত্ব পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে ভারত।
"তাদের কাছ থেকে আমরা এ বিষয়ে প্রযোজ্য শর্তগুলো চেয়েছি, সেসব বিচার-বিশ্লেষণ করে আমরা সিদ্ধান্ত নেব। আগামী ১৫ দিনের মধ্যে তারা শর্তগুলো জানাবে," বলেন তিনি।
খানপুর টার্মিনাল চালু হলে বাংলাদেশ ও ভারতের মধ্যে নৌরুটে কন্টেইনার বাণিজ্য সম্ভব হয়ে উঠবে।
সরকার কয়েক বছর আগে খানপুরে কনটেইনার টার্মিনাল নির্মাণ করেছে। কিন্তু কনটেইনার হ্যান্ডলিং অপারেটর নিয়োগ না হওয়ায় এটি চালু করা যায়নি।
নৌ সচিব আরো জানান, আইডব্লিউটিটি চুক্তি নবায়নের পাশাপাশি পুরো নৌ খাত সংক্রান্ত পৃথক একটি চুক্তির বিষয়েও ভারতীয় প্রতিনিধিদলের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে।
তিনি বলেন, "প্রটোকল এজেন্ডায় এটা ছিল না। কিন্তু আমরা ওই ইস্যুটি নিয়ে আলোচনা করেছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেবি/এই্চএ/২১৩৪ ঘ.
bdnews24