নয়া দিল্লি, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক মাহফুজ হককে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে ভারত। তিনি যুক্তরাষ্ট্রে 'মোস্ট ওয়ান্টেড' তালিকাভুক্ত আসামি।
৪৪ বছর বয়সী মাহফুজকে গত বৃহস্পতিবার হত্যা মামলায় নয়া দিল্লি বিমানবন্দরে অভিবাসন কর্তৃপক্ষ ও পুলিশ আটক করে। ২২ বছর আগের এক হত্যাকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে হুলিয়া ছিলো।
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় ১৯৮৯ সালের ৯ অগাস্ট টড কেলি নামের ১৯ বছরের এক কিশোরকে হত্যার দায়ে ওই হুলিয়া জারি হয়।
হত্যাকাণ্ডের পরপরই তিনি বাংলাদেশে পালিয়ে যেতে সক্ষম হন এবং একাধিক ভুয়া পরিচয়ে সেখানে বসবাস করছিলেন।
ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো জানিয়েছে, মূল নাম মাহফুজ হক হলেও তার কাছে যে পাসপোর্ট পাওয়া গেছে তাতে নাম আসিফ উল হক উল্লেখ ছিলো। আটকের পর পরই যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের কাছে তাকে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে বহিঃসম্পর্ক মন্ত্রণালয়ের (পররাষ্ট্র মন্ত্রণালয়) পক্ষ থেকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে মার্কিন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে।
১৯৯৯ সাল থেকে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে আসামি হস্তান্তর চুক্তি রয়েছে।
মামলার নথি থেকে জানা গেছে, হ্যামিল্টনে রক্তাক্ত অবস্থায় ওই কিশোরকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় তার প্রেমিকা ক্রিস্টিন মুত্জফেল্ড। এর আগে এই ক্রিস্টিনের সঙ্গে মাহফুজের সম্পর্ক ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/পিডি/২১২০ ঘ.
bdnews24