ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনা, সিরাজগঞ্জ ও হবিগঞ্জ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ছয়জন।
সোমবার রাত ও মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে।
এতে বরগুনায় মটরসাইকেল দুর্ঘটনায় দুজন, সিরাজগঞ্জে দুজন এবং হবিগঞ্জে এক শিশু নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর প্রতিনিধিদের পাঠানো খবর:
বরগুনা : বরগুনায় দু'টি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজনের মারা গেছে। সোমবার গভীর রাতে সদর উপজেলার বরগুনা-নিশানবাড়িয়া সড়কের আমতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।
নিহতরা হলেন-জসিম উদ্দিন মিল্টন (৩২) ও রুহুল আমিন (৩০)।
মিল্টনের বাড়ি নলটোনা ইউনিয়নের হেউলিবুনিয়া গ্রামে। তিনি জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুর রশিদের ছোট ছেলে। রুহুল শহরের কেজি স্কুল রোডের বাসিন্দা।
মিল্টনের পরিবার জানায়, তিনি তার ভায়রা কামাল হোসেন ও রিপনকে নিয়ে শিয়ালিয়া গ্রামে একটি মাহ্ফিলে যাচ্ছিলেন।
দুর্ঘটনায় দুজনের মৃত্যুতে বরগুনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার আনোয়ার হোসেন মনোয়ার ও সদর উপজেলা কমান্ডার মতিয়ার রহমান মৃধা শোক প্রকাশ করেছেন।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় শিশুসহ দুই পথচারী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এরা হলো- রায়গঞ্জ উপজেলার পাঁচলিয়া পূর্বপাড়ার মনোয়ার উদ্দিনের ছেলে এমদাদুল হক (৭) ও বেলকুচি উপজেলার কদমতলী গ্রামের রফিকুল ইসলাম (২৬)।
হাটিকুমরুল মহাসড়ক থানার পরিদর্শক নুরন্নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে পাঁচলিয়া বাজারের কাছে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় এমদাদুল ঘটনাস্থলেই মারা যায়।
পুলিশ কর্মকর্তা জানান, বাসটি আটক করা হয়েছে। থানায় মামলা হয়েছে।
বেলকুচি থানার পরিদর্শক মোস্তাফিজার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত ৯টার দিকে বেলকুচি-সিরাজগঞ্জ সড়কের কদমতলী নামক স্থানে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়।
এসময় পথচারী রফিকুল ইসলাম ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানান পরিদর্শক।
হবিগঞ্জ : মাধবপুরে প্রাইভেটকার চাপায় ডিপজল মিয়া (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার গ্যাসফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ মহাসড়ক থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুক মিয়া জানান, দুপুর ১টার দিকে রাস্তা পার হওয়ার সময় সিলেটগামী প্রাইভেটকারটি ডিপজলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ডিপজল বাঘাসুরা গ্রামের জহির মিয়ার পুত্র।
পুলিশ হবিগঞ্জের বিরামচর থেকে প্রাইভেটকারটি আটক করছে। তবে চালক পালিয়ে গেছে বলে জানান এসআই মাসুক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমএসবি/১৯০৪ ঘ.
bdnews24