সাভার, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে স্কুলছাত্রী অপহরণের অভিযোগে দোদুল নামে সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে তাকে আটক করা হয় বলে জানায় পুলিশ। সকালে অপহরণের অভিযোগ এনে সাভার থানায় একটি লিখিত অভিযোগ করে ছাত্রীটির পরিবার।
এতে বলা হয়, সোমবার সকাল ৯টার দিকে পৌর বাজার রোড থেকে তাকে অপহরণ করা হয়।
সাভার থানার উপ-পরিদর্শক হারেস শিকদার সাংবাদিকদের জানান, অপহরণকারীদের গ্রেপ্তার ও অপহৃত ছাত্রীকে উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।
তিনি জানান, অপহরণকারী দলের মূল হোতা বলে অভিযুক্ত তারেকের বন্ধু দোদুলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিস্তারিত পরিচয় পুলিশ জানায়নি।
সাভার থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান জানান, ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণেই স্কুলছাত্রী স্বেচ্ছায় পালিয়েছে। তবে তার পরিবারের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমএসবি/১৮৫২ ঘ.
bdnews24