সাতক্ষীরা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়ে দিনব্যাপী ধর্মঘটের পর মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরায় পরিবহন শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করেছে ।
সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা শেষে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম এ ঘোষণা দেন।
নসিমন-করিমন চালকরা সোমবার দু'জন বাস শ্রমিককে মারধর করলে মঙ্গলবার সকাল থেকে জেলার অভ্যন্তরীণ রুটে এ ধর্মঘট শুরু হয়।
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সাইফুল করিম সাবু বলেন, উভয় বাস ও নসিমন-করিমন শ্রমিক পক্ষের নেতাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে জেলা প্রশাসন একটি সভা করে।
জেলা প্রশাসক মো. আবদুস সামাদের সভাপতিত্বে আলোচনা সভায় উভয়পক্ষ বক্তব্য রাখে। এরপর জেলা প্রশাসক পরিবহন শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন।
সভায় আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপারিনটেনডেন্ট হাবিবুর রহমান খান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি দ্বীন আলী, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি সাইফুল করিম সাবু, জেলা পরিবহন শ্রমিক সংগঠনের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান প্রমুখ।
সোমবার বিকালে সাতক্ষীরা-আশাশুনি সড়কের ধুলিহরে নসিমন-করিমন চালকরা একজন বাস চালক ও সহকারীকে মারধর করে। এর প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে বাস শ্রমিকরা ধর্মঘট শুরু করলে সাতক্ষীরার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে সাতক্ষীরা পরিবহন শ্রমিক সংগঠনের সভাপতি রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধুলিহরে নসিমন-করিমন চালকদের মারধরে আহত শ্রমিক রুহুল আমিনকে (২৫) সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর প্রতিবাদে সকাল থেকে সাতক্ষীরার নয়টি রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়।
দোষীদের গ্রেপ্তার ও নসিমন-করিমন, ইজিবাইক চলাচল বন্ধ করা না হলে ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৪৬ ঘ.
bdnews24