চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার সিইউএফএল এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহসিনউদ্দিন তালুকদারকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার অনুমতি পেয়েছে সিআইডি।
মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম মাহবুবুর রহমান সিইউএফএল এর এমডি মোহসিনকে পাঁচ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি'র সিনিয়র এএসপি মনিরুজ্জামান চৌধুরী গত বুধবার মোহসিনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজেেত রাখার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন।
একই আদালত এই মামলার গ্রেপ্তার কারাবন্দি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত উইং কমান্ডার সাহাব উদ্দিনের জামিন না মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম অতিরিক্ত মহানগর পিপি অশোক কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এর সংরক্ষিত জেটি ঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র আটক করা হয়।
"সংরক্ষিত এই ঘাটে কীভাবে অস্ত্র খালাস করা হয় বা কারা অনুমতি দিয়েছিলো, তা জানার জন্য তাকে (মোহসিনকে) জিজ্ঞাসাবাদ করা দরকার", বলেন তিনি।
২০০৪ সালের ১ এপ্রিল রাতে সিইউএফএল'র সংরক্ষিত জেটি ঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। তখন সিইউএফএল'র এমডি ছিলেন মোহসিন।
বর্তমান তদন্ত কর্মকর্তা দায়িত্ব নেয়ার পর ২০০৯ সালের ১২ মার্চ মোহসিন ও সিইউএফএল'র সাবেক ব্যবস্থাপক (প্রশাসন) এনামুল হককে গ্রেপ্তার করা হয়। দুজনই বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আছেন।
মোহসিন তালুকদারকে ওই সময় হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিলো। পরে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
২০০৯ সালের ২ মে ঢাকার বাসা থেকে সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করে সিআইডি। এরপর তাকে তিনদফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং দুই দফায় তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
অশোক কুমার দাশ জানান, সাহাব উদ্দিন এই স্পর্শকাতর মামলার অন্যতম গুরুত্বপূর্ণ আসামি এবং জিজ্ঞাসাবাদে এই ঘটনার সঙ্গে যুক্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।
তার স্বীকারোক্তির ভিত্তিতে সাবেক দুই গোয়েন্দা প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রহিম এবং এনএসআই'র সাবেক উপ-পরিচালক (টেকনিক্যাল) অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেনকে গ্রেপ্তার করা হয়। দুজনই কারাগারে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/আরএ/১৯২৭ ঘ.
bdnews24