মানিকগঞ্জ, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন কুয়াশার কারণে সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে আবার ফেরি চলাচল শুরু হয়েছে।
সোমবার রাত সাড়ে ৩টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এ রুটে ফেরি চলাচল বন্ধ ছিল। সকাল আটটার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফ উল্লাহ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পদ্মা-যমুনা অববাহিকায় ঘন কুয়াশার কারণে এ রুটে কোন ফেরি চলতে পারেনি।
তিনি বলেন, "এ সময় শতাধিক যান ও যাত্রী নিয়ে ছয়টি ফেরি মাঝ নদীতে আটকে ছিল।"
ঘাটের উভয় পাড়ে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক ও দেড় শতাধিক যাত্রীবাহী বাস পারাপারের অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৪৩৯ ঘ.
bdnews24