প্রকাশ বিশ্বাস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার মহানগর দায়রা জজ আদালত ভবনের কয়েকটি এজলাস কক্ষে ভালোবাসা দিবস উদযাপন করেছেন কয়েকজন শীর্ষ সন্ত্রাসী।
এদের মধ্যে রয়েছেন সরকার ঘোষিত তালিকার শীর্ষ সন্ত্রাসী সানজিদুল হাসান ইমন, তার সহযোগী তারিক সাইফ মামুনসহ প্রায় একডজন বিভিন্ন হত্যা ও অস্ত্র মামলার আসামি।
অনুরোধ করে আদালতের বিভিন্ন স্তরের কর্মচারীদের এজলাস কক্ষ থেকে বের করে দিয়ে সোমবার পুলিশ পাহারায় তারা দিবসটি পালন করেন।
তাদের ভালবাসা জানাতে আসেন জামিনে থাকা সহযোগী কয়েকজন সন্ত্রাসী। ছিলেন তাদের বান্ধবীরা।
তারা ফুল, খাবার, চকলেট ও প্রসাধন সামগ্রী উপহার দেয় কারান্তরীণ প্রিয়জনদের।
এ ব্যাপারে আদালত ভবনগুলোর নিরাপত্তার দায়িত্বে থাকা কোর্ট হাজতের উপ-পরিদর্শক হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি বিষয়টি জানতে পেরেছেন। কিন্তু তার করার কিছু নেই। বার বছর ধরে কারাগারে থাকলে তাদের একটু আনন্দ করার সুযোগ দিতেই হয়।
দুই নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের পেশকার ইফতেখারুল আলম ভূইয়া কামাল এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এই আদালতে সোমবার ইমনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানার একটি অস্ত্র মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল।
সোমবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ, দুই নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালসহ বিভিন্ন আদালতে এ আসামিদের মামলার বিচারের তারিখ ছিল।
বিকাল ৪টার কিছুক্ষণ পর মামুনকে পাওয়া যায় মহানগর দায়রা জজ আদালতের তিন তলায় দুই নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের প্রশাসনিক কর্মকর্তা আনোয়ারা বেগমের সাইনবোর্ড ঝোলানো কক্ষে।
এ সময় কৃত্রিম হাত লাগানো এক সহযোগীসহ বেশ কয়েক ব্যক্তি মামুনকে সঙ্গ দেয়। আরো ছিলেন দায়িত্বপ্রাপ্ত কনস্টেবল আশরাফুল ও মজিবর। মামুনের খাবার এগিয়ে দেন আশরাফুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/২৩২১ ঘ.
bdnews24