ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মামলা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টার অভিযোগে কুমিল্লা মডেল থানার ওসি মোহাম্মদ ফরহাদ ও উপপরিদর্শক জাহাঙ্গীর আলমকে ২২ ফেব্র"য়ারি হাজির হতে বলেছে হাইকোর্ট।
বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের এক রিট আবেদনের শুনানি শেষে সোমবার বিচারপতি মো. ইমান আলী ও শেখ হাসান আরিফের বেঞ্চ এই আদেশ দেয়।
ধর্ষণ ও আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে মমালা না করে এসিড দমন আইনে কেন করা হয়েছে- দুজনকে আদালতে উপস্থিত হয়ে তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
জাহাঙ্গীর আলম ওই মামলার তদন্তকারী কর্মকর্তা।
আদালতে হাজির হওয়ার সময় মামলার সব প্রমাণপত্র সঙ্গে নিয়ে আসারও নির্দেশ দেওয়া হয়েছে দুই পুলিশ কর্মকর্তাকে।
এক নারীকে পুড়িয়ে হত্যার ঘটনায় গত ২৬ জানুয়ারি ইংরেজি দৈনিক ডেইলি স্টার একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন সোমবার সকালে এই রিট আবেদন করে।
ডেইলি স্টারের ওই প্রতিবেদন বলা হয়, কুমিল্লার মতনকুর পশ্চিমপাড়া হাইস্কুলের অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে তার প্রতিবেশী আবু তালেব ধর্ষণ করে। এতে সহায়তা করে তালেবের এক বান্ধবী। এরপর ওই শিক্ষার্থী অন্তঃস্বত্ত্বা হয়ে পড়লে সন্তানের পিতৃত্বের স্বীকৃতির চাপ থেকে বাঁচতে তালেব তার বান্ধবীর সহায়তায় মেয়েটির শরীরে আগুন দেয়।
বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট এলিনা খান জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মেয়েটি।
এলিনা খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মৃত্যুর আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে একটি জবানবন্দি দিয়ে যায় মেয়েটি। ওই জবানবন্দিতে সে ধর্ষণ ও আগুনে পোড়ানোর অভিযোগ করে।"
পুলিশ আসামিদের বাঁচাতে দুর্বল ধারায় মামলা করেছে বলে অভিযোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জেকে/১৭১২ ঘ.
bdnews24