শরীয়তপুর, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শরীয়তপুরে হেনা হত্যা মামলার প্রধান দুই আসামি মাহবুবুর রহমান খান ও ইদ্রিস শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সোমবার জবানবন্দি নেওয়ার পর আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
পুলিশ বলেছে, হেফাজতে পাঁচদিন জিজ্ঞাসাবাদ শেষে মাহবুব আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হন।
তার সঙ্গে হেনার সম্পর্ক ছিলো বলে অভিযোগ রয়েছে। ওই সম্পর্কের জেরে হেনাকে দোররা মারার ঘটনা ঘটে।
অন্যদিকে দোররা মারার নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ইদ্রিস শেখকে পাঁচদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের তৃতীয় দিনে তিনি জবানবন্দি দিতে রাজি হন।
গত ২৪ জানুয়ারি নড়িয়া উপজেলার চামটা গ্রামে সালিশ বসিয়ে ফতোয়ার মাধ্যমে দোররা মারার পর হেনা আক্তার (১৪) গত ৩১ জানুয়ারি মারা যায়।
হেনার মৃত্যুর পর তার বাবা দরবেশ খান থানায় একটি হত্যা মামলা করেন, যাতে ১৮ জনকে আসামি করা হয়।
হেনার সঙ্গে চাচাত ভাই মাহবুবুর রহমান খানের সম্পর্কের ঘটনায় ওই সালিশ বসে।
মামলার প্রধান আসামি মাহবুব এবং চামটা ইউনিয়ন পরিষদের সদস্য ইদ্রিস শেখসহ এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রথম ময়না তদন্তে হেনার দেহে কোনো নির্যাতনের চিহ্ন না পাওয়ার কথা বলা হলে সোমবার বিচারপতি এএইচএম শামসুদ্দীন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ নতুন করে ময়না তদন্তের নির্দেশ দেয়। ঢাকায় দ্বিতীয় দফায় ময়না তদন্তে নির্যাতনের প্রমাণ মেলে।
দুই ময়না তদন্ত প্রতিবেদনের অমিল থাকায় বিষয়টি খতিয়ে দেখতে বৃহস্পতিবার স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি করতে নির্দেশ দেয় উচ্চ আদালত।
হাইকোর্টের নির্দেশে অবৈধভাবে সালিশ করা ও দোররা মারার অভিযোগে হেনার মা আকলিমা আক্তার বাদি হয়ে ওই আসামিদের বিরুদ্ধে নড়িয়া থানায় আরেকটি মামলা করেছেন।
এই মামলায় ওই ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মো. মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম অশোক কুমার দত্ত প্রধান আসামি মাহবুবের জবানবন্দি নিয়েছেন।
দুপুরে আড়াইটার দিকে তার জবানবন্দি নেওয়া হয়।
প্রায় একই সময় ইদ্রিসের জবানবন্দি নেন জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আবদুল মান্নান।
নড়িয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট তালেবুর রহামান সাংবাদিকদের বলেন, ছয়জনের বাইরে নতুন করে আর কোনো আসামিকে গ্রেপ্তার করা যায়নি। আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৯ ঘ.
bdnews24