২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়া-কাওরাকান্দি রুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে মুন্সীগঞ্জের মাওয়া-কাওরাকান্দি রুটে চার ঘণ্টা বন্ধ থাকার পর আবার ফেরি চলাচল শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2011, 07:29 AM

Updated : 24 Aug 2022, 02:31 PM

মুন্সীগঞ্জ, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘন কুয়াশার কারণে মুন্সীগঞ্জের মাওয়া-কাওরাকান্দি রুটে চার ঘণ্টা বন্ধ থাকার পর আবার ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার ভোররাত ৪টার দিকে এই রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে ৮টায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। এদিকে নদীতে নাব্য সঙ্কটের কারণে রোববার রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রো রো ফেরি শাহ মুখদম কাঁঠাল বাড়ির কাছে ড্রেজিং পয়েন্টে আটকা পড়ে। পরে জোয়ারের পানি বৃদ্ধি পেলে এবং কুয়াশা সরে যাওয়ার পর সোমবার সকাল ১০টার দিকে মখদুম ফেরিটি মাওয়া ঘাটে পৌঁছায় বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক সিরাজুল হক । তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার রাতে মাওয়া- কাওরাকান্দি নৌ রুটে আকস্মিক ঘন কুয়াশা সৃষ্টি হওয়ায় ভোররাত ৪টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ফেরি সার্ভিস বন্ধ ছিলো।" তিনি জানান, এর ফলে ফেরি ঘাটের উভয় পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তিনি আরো বলেন, "পদ্মায় পানি কমে যাওয়ায় মাওয়া-কাওড়াকন্দি রুটে নদীতে পর্যাপ্ত পানি নেই। ফলে ওই রুটে যে কোন সময় ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।" বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক শেখর চন্দ্র রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাজরা পয়েন্ট থেকে চরজানাত পর্যন্ত পানি মাত্র ৭ ফুট উচ্চতায় রয়েছে। কিন্তু ফেরি চলাচলে অন্তত ৮ থেকে সাড়ে ৮ ফুট উচ্চতার পানি প্রয়োজন। তিনি বলেন, "ওই রুট দিয়ে এখন যেসব ফেরি চলাচল করছে সেগুলো মাটির সঙ্গে ঘেষে চলছে। এতে ফেরিগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে।" নদীর চ্যানেলগুলোতে জরুরি ড্রেজিং প্রয়োজন জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/আরএ/১৩২৫ ঘ.