২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বসন্তের ছন্দের দোলা একুশের বইমেলায়

বসন্তের এই মাতাল হাওয়ার দোলা রোববার একুশের বইমেলায়ও লাগে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2011, 06:43 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বসন্তের এই মাতাল হাওয়ার দোলা রোববার একুশের বইমেলায়ও লাগে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় বসন্ত বরণ উৎসব শেষে বিকেলে বাংলা একাডেমী প্রাঙ্গণে অমর একুশে গ্রন্থমেলায় একবার হলেও ঘুরে বেরিয়েছেন অনেকেই। তবে বিকেল শেষে তা বই কেনার উৎসবে পরিণত হয়। এ উৎসবপ্রেমীদের অনেককেই আবার মেলা থেকে বেরিয়ে চারুকলায় ঢুকতে দেখা যায়। তরুণীরা অনেকেরই পরনে ছিল হলুদ, সবুজ, মেরুন রঙের শাড়ি। হাতে চুড়ি, গলা-মাথায় ফুলের মালা। আর তরুণরা হলুদ, সাদা, বেগুনীসহ নানা রঙের পাঞ্জাবী পরে এই উৎসবে শামিল হন। বসন্ত উৎসব শেষে বইমেলায় এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের পনের জন শিক্ষার্থী। মূল উদ্দেশ্য প্রথমে বই কেনা না হলেও মেলা থেকে বের হওয়ার সময় সবার হাতেই দু'টি বা তিনটি বই ছিলো। মনোবিজ্ঞান বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্রী শবনম ফারহানা বলেন, "ফেব্র"য়ারি মাসে পরপর বেশ কয়েকটি উৎসব রয়েছে। আজই প্রথম মেলায় আসলেও ভিড়ের ধাক্কা সামলে পছন্দের বইও আজই কিনে ফেললাম।" তবে বসন্ত উৎসবের ভিরের ঢেউ বইমেলায় আছড়ে পড়লেও এ নিয়ে অন্যদিনের মতো আপত্তি ছিলনা ছোট-বড় কারোরই। মেলার এই ভিড় ঠেলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র তাওহীদের হাঁটতে কষ্ট হলেও সে এনিয়ে মায়ের কাছে এতোটুকু অনুযোগও করেনি। তবে তার আক্ষেপ- ভিড়ের জন্য বইগুলো একটু উল্টে-পাল্টে দেখতে পারেনি সে। অন্যান্য দিনের মতো এদিন বিকেলে মেলার মূলমঞ্চে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে 'রবীন্দ্রনাথ ও বাউল সংস্কৃতি' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল আহসান চৌধুরী। আলোচনা করেন ফোকলোরবিদ শাহিদা খাতুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আবুল হাসান চৌধুরী এবং সিলেট শাহ্জালাল বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক শরদিন্দু ভট্টাচার্য। এতে সভাপতিত্ব করেন কথা সাহিত্যিক আবুবকর সিদ্দিক। মেলায় রোববার নতুন বই এসছে ৮৪ টি। এর মধ্যে উপন্যাস সবচেয়ে বেশি, ১৫ টি। গল্পের বই ৮ টি, ভ্রমণ বিষয়ক একটি, ইতহাস দু'টি, প্রবন্ধ দু'টি, কবিতার বই ২৬ টি, স্বাস্থ্যবিষয়ক একটি, গবেষণামূলক বই পাঁচটি, ছড়ার বই ২টি, রম্যরচনা তিনটি, শিশু সাহিত্য দু'টি, জীবনীমূলক গ্রন্থ একটি, মুক্তিযুদ্ধ ভিত্তিক বই তিনটি, সায়েন্স ফিকশন দু'টি, নাটক একটি, বিজ্ঞানের বই তিনটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/২৩৫০ ঘ.