ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন মজুরি কাঠামো চালুর তিন মাস পরও ৩০ শতাংশ গার্মেন্ট কারখানায় তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
এ মজুরি কাঠামোর পূর্ণ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন শ্রমিক নেতারা।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, "আশা করেছিলাম, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে দেশের সব গার্মেন্টে শ্রমিকরা নতুন মজুরি কাঠামো অনুসারে বেতন পাবে। কিন্তু নতুন মজুরি কাঠামো চালুর তিন মাস পরও ৩০ শতাংশ গার্মেন্টস পুরোপুরিভাবে বেতন দিচ্ছে না।"
গত বছরের ৩১ অক্টোবর সরকার গার্মেন্টস শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণ করে। এতে সর্বনিু অর্থাৎ সপ্তম গ্রেডের জন্য তিস হাজার টাকা এবং প্রথম গ্রেডের জন্য ৯ হাজার ৩০০ টাকা মজুরি নির্ধারণ করা হয় ।
আমিরুল হক আমিন জানান, বর্তমানে ১০ শতাংশ গার্মেন্টে শ্রমিকদের (সপ্তম গ্রেড) সর্বনিম্ন ৩ হাজার টাকা এবং ২০ শতাংশ কারখানায় অপারেটরদের (তৃতীয় থেকে ষষ্ঠ গ্রেড) ৪ হাজার ২০০ থেকে ৩ হাজার ৩০০ টাকা পর্যন্ত মজুরি কাঠামো বাস্তবায়ন হয়নি।
ফেডারেশন সভাপতি আরো বলেন, "অধিকাংশ কারখানায় নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয় না। আইনগতভাবে ট্রেড ইউনিয়ন করার অধিকার থাকার পরও ইউনিয়ন করতে গেলেই শ্রমিকদের চাকরি থাকে না।"
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে বর্তমানে ৪ হাজার ৮০০ পোশাক কারখানা রয়েছে। এসব কারখানায় শ্রমিকের সংখ্যা প্রায় ৩৫ লাখ। আর এদের ৮৫ শতাংশই নারী শ্রমিক।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য শ্রমিক নেতা কামরুল আহসান, ফেডারেশনের সাধারণ সম্পাদক মিস শাফিয়া পারভীন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএল/জেকে/২৩৩৩ ঘ.
bdnews24