নওগাঁ, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার সান্তাহার ইউনিয়নের ছাতনী গ্রামে যৌতুকের দাবিতে জেসমিন নাহার আশা (২৮) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে তার পরিবার।
আশার বাবা আব্দুল জব্বার শুক্রবার রাতে এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি হত্যা মামলা করেছেন। এতে আশার স্বামী মিলন সরদার (৪৫), সতীন ফাতেমা বেগম (৩৮), শাশুড়ী হেলেনা বেগম (৬০) এবং আত্মীয় আব্দুল আলিম (৫৫) ও হারুনুর রশিদকে আসামি করা হয়েছে।
আশার বাবার অভিযোগ, দাবি অনুযায়ী ৫ লাখ টাকা যৌতুক না পাওয়ায় স্বামী-সতিন শাশুড়ীসহ অন্যরা মিলে নির্যাতন করে হত্যা করেছে সাত মাসের এক সন্তানের মা আশাকে।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০০৭ সালের দিকে উপজেলার ছাতনি (উত্তর সরদারপাড়া) গ্রামের ব্যবসায়ী মিলনের সঙ্গে আশার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে দ্বিতীয় স্ত্রী হিসাবে আশাকে বিয়ে করে মিলন। কিন্তু বিয়ের কিছু দিন পর থেকেই মিলন ৫ লাখ টাকার যৌতুকের দাবিতে চাপ দিতে শুরু করে।
এ নিয়ে বৃহস্পতিবার রাতে আশার সঙ্গে মিলনের ঝগড়া হয়। এক পর্যায়ে মিলন, তার মা ও বড় বউসহ অন্যরা মিলে আশার ওপর নির্যাতন চালায়। এতে আশার মৃত্যু হয়।
আব্দুল জব্বার অভিযোগ করেছে, মৃত্যু নিশ্চিত করার জন্য তারা আশার গলায় ফাঁস দেয়। এরপর পাড়া-প্রতিবেশীদের জানানো হয়, আশা আত্মহত্যা করেছে।
এ অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে মিলন সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আশাকে কেউ হত্যা করেনি। পারিবারিক কলহের কারণে সে শ্যাম্পু খেয়ে ও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।"
মামলার তদন্তকারী কর্মকর্তা মোতালেব হোসেন বলেন, "আশার শরীরের কয়েক জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। তবে এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।"
ময়না তদন্ত শেষে শনিবার বাদ আসর সান্তাহার পৌর এলাকার কোঁচকুড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে আশাকে দাফন করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০০৩১ ঘ.
bdnews24