২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শ্রমিকদের জন্য বিজিএমইএ'র হাসপাতাল

নগরীতে গার্মেন্ট শ্রমিকদের জন্য হাসপাতাল চালু করেছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2011, 03:09 PM

Updated : 24 Aug 2022, 02:30 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীতে গার্মেন্ট শ্রমিকদের জন্য হাসপাতাল চালু করেছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। শনিবার দুপুরে নগরীর সল্টগোলা ক্রসিংয়ে বিজিএমইএ'র নিজস্ব জায়গায় নির্মিত এ হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. মোদাচ্ছের আলী। বিজিএমইএ'র কর্মকর্তারা শ্রমিকদের জন্য পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালু, গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে ছয় লেন করা, চট্টগ্রাম বিমানবন্দরেই চট্টগ্রামের মালামাল ওঠানামাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টার কাছে। প্রধানমন্ত্রীর কাছে এ সব বিষয় গুরুত্ব দিয়ে তুলে ধরার আশ্বাস দেন উপদেষ্টা মোদাচ্ছের। বিজিএমইএ'র সভাপতি আবদুস সালম মোর্শেদী'র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আব্দুচ ছালাম, বিজিএমইএ'র প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, দ্বিতীয় সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন । বিজিএমইএ'র অর্থায়নে আট দশমিক ৩১ কাঠা জমির ওপর নির্মিতব্য ১০ তলা হাসপাতালটি ১০০ শয্যা বিশিষ্ট। ইতিমধ্যে হাসপাতাল ভবনের তিন তলা সম্পূর্ণ হয়েছে এবং ২৫টি শয্যা স্থাপন করা হয়েছে। এই হাসপাতালে পোশাক শিল্পের শ্রমিকদের চিকিৎসার করা হবে। এখানে শ্রমিকদের জন্য প্যাথলজি সুবিধা, বিশেষায়িত চিকিৎসা, গাইনী ও বার্নস ইউনিটসহ ওষুধপত্রের ব্যবস্থা থাকবে। বিজিএমইএ'র হাসপাতালটি বাংলাদেশের পোশাক শিল্পের শ্রমিকদের জন্য তৈরি প্রথম হাসপাতাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/পিডি/২১০২ ঘ.