২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেনার মৃত্যু ফতোয়ার কথা স্বীকার করেছেন ইদ্রিস শেখ

দোররা মারার ফতোয়া দেওয়ার বিষয়টি স্বীকার করে হাকিমের কাছে জবানবন্দি দিয়েছেন হেনা আক্তার 'হত্যা' মামলায় গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ সদস্য ইদ্রিস শেখ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2011, 02:45 PM

Updated : 24 Aug 2022, 02:30 PM

শরীয়তপুর, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দোররা মারার ফতোয়া দেওয়ার বিষয়টি স্বীকার করে হাকিমের কাছে জবানবন্দি দিয়েছেন হেনা আক্তার 'হত্যা' মামলায় গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ সদস্য ইদ্রিস শেখ। শনিবার শরীয়তপুর মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে তিনি এই স্বীকারোক্তি দেন। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে পেয়েছে। ইদ্রিসকে সকাল ১১টার দিকে শরীয়তপুর মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করা হয়। বিচারক অশোক কুমার দত্তের প্রশ্নের জবাবে ইদ্রিস শেখ হেনা আক্তারকে দোররা মারার কথা স্বীকার করে বলেন, "হেনার সঙ্গে মাহবুবের প্রেমের সম্পর্ক ছিল। কয়েক দিন পরপরই তাদের নিয়ে বিচার সালিশ বসাতে হতো।" হেনাকে ধর্ষণ করা হয়েছে কি না- এ প্রশ্নের জবাবে ইদ্রিস শেখ বলেন, "ধর্ষণ হয়েছে। ধর্ষণের অপরাধে হুজুরদের ডেকে এনে মাসয়ালা জিজ্ঞেস করে উপস্থিত অন্যান্য সালিশিরা একশ একটি দোররা মারার সিদ্ধান্ত দেন। আমি তাতে সম্মতি দেই। তখন ছেলে ও মেয়েকে ১০-১২টি করে দোররা মারা হয়।" হেনাকে সদর হাসপাতাল থেকে কাদের চাপে নিয়ে যাওয়া হয়েছিল জানতে চাইলে তিনি বলেন, "হেনার বাবা ও ছেলের বাবা- দুজনের সম্মতিতেই হাসপাতাল থেকে তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। আমি তাদের কোনো চাপ দেই নাই।" চাচাতো ভাই মাহবুব হোসেনের সঙ্গে পরকীয়া সম্পর্কের অভিযোগে গত ২৪ জানুয়ারি নড়িয়া উপজেলার চামটা গ্রামে সালিশে ফতোয়ার মাধ্যমে হেনা আক্তারকে (১৪) দোররা মারা হয়। চামটা আলহাজ আবুল বাশার হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা সাইফুল, স্থানীয় মাঝিবাড়ী মসজিদের ইমাম মফিজ উদ্দিন, ইউপি সদস্য ইদ্রিস শেখ, আক্কাস মীর মালত, আলাবক্স করাতী, লতিফ মীর মালতসহ ১১ জন সালিশে উপস্থিত ছিলেন। জখম অবস্থায় পরদিন হেনাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু প্রভাবশালীদের চাপে তাকে বাড়ি নিয়ে আসে বলে স্বজনরা জানান। অবস্থার অবনতি হওয়ায় ৩১ জানুয়ারি তাকে আবার স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রাতে সেখানেই মারা যায় হেনা। হেনার লাশের প্রথম ময়না তদন্তে কোনো নির্যাতনের চিহ্ন না পাওয়ার কথা বলা হলে সোমবার বিচারপতি এএইচএম শামসুদ্দীন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ নতুন করে ময়না তদন্তের নির্দেশ দেয়। ঢাকায় দ্বিতীয় দফায় ময়না তদন্তে নির্যাতনের প্রমাণ মেলে। দুই ময়না তদন্ত প্রতিবেদনের অমিল থাকায় বিষয়টি খতিয়ে দেখতে বৃহস্পতিবার স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি করতে নির্দেশ দেয় উচ্চ আদালত। ওইদিন হাইকোর্টের আদেশে হেনার বাবা ও মা, নড়িয়া থানার উপপরিদর্শক আসলাম উদ্দিন মোল্লা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম সারওয়ার ও চামটা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ইদ্রিস শেখ আদালতে হাজির হন। ওই সময়ই আদালতের নির্দেশে ইদ্রিস শেখকে গ্রেপ্তার করে পুলিশ। ইদ্রিসকে শুক্রবার দুপুরে নড়িয়া থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়। তাকে আরো জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মনিরুজ্জামান শনিবার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে সাত দিনের হেফাজত (রিমান্ড) চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচদিনের হেফাজত মঞ্জুর করে। এদিকে হেনা 'হত্যার' ঘটনায় উচ্চ আদালতের নির্দেশে শুক্রবার সন্ধ্যায় নড়িয়া থানায় আরেকটি মামলা করেন হেনার মা আকলিমা আক্তার। অবৈধ সালিশ ও দোররা মারার অভিযোগে দায়ের করা ওই মামলায় ১৮ জনকে আসামি করেন তিনি। এর আগে হেনার বাবার দায়ের করা 'হত্যা' মামলারও আসামি তারা। নড়িয়া থানার ওসি আবুল খায়ের ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হেনার মায়ের করা মামলায় ইতিপূর্বে গ্রেপ্তার ৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।" হেনার মৃত্যুর পর তার বাবা দরবেশ খাঁ ১৮ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি মাহবুবসহ পাঁচজনকে এর আগে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার হন ইদ্রিস শেখ। হেনার মৃত্যুর ১১ দিন পরও পুলিশ মামলার বাকি ১২ আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। এদিকে হত্যা মামলাটি পরিচালনায় বাদী পক্ষের যাবতীয় খরচের দায়িত্ব নিয়েছে মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশন শরীয়তপুর জেলা শাখা। শাখার সমন্বয়কারী মো. আকবর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ মামলার রায় হওয়া পর্যন্ত বাদী পক্ষের যাতায়াতসহ মামলা সংক্রান্ত যাবতীয় খরচ আমরা বহন করবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/জেবি/জেকে/২০৩৭ ঘ.