২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোজ্যতেলের সংকট 'কৃত্রিম': বাণিজ্যমন্ত্রী

বাজারে ভোজ্যতেলের সংকটের জন্য 'অসাধু ব্যবসায়ীদের' দায়ী করেছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2011, 01:46 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজারে ভোজ্যতেলের সংকটের জন্য 'অসাধু ব্যবসায়ীদের' দায়ী করেছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। বৃহস্পতিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) মিলনায়তনে এক সেমিনারে তিনি বলেন, "কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছে।" ফারুক খান বলেন, "সারা বিশ্বে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে বাংলাদেশেও কিছু কিছু পণ্যের দাম বেড়েছে। দেশে এক লাখ ২৫ হাজার টন ভোজ্যতেল মজুদ রয়েছে। এছাড়া পরিশোধনযোগ্য তেল রয়েছে ৫০ হাজার টন। তাহলে সংকট কোথায়?" টিসিবির হিসেব অনুযায়ী, ভোজ্যতেলের মধ্যে পাম তেলের দাম গত এক বছরে ৬১ শতাংশ বেড়েছে। গত বছর ফেব্র"য়ারিতে প্রতি লিটার খোলা পাম তেলের দাম ছিল ৫৯ থেকে ৬১ টাকা। আর বৃহস্পতিবার একই তেল বিক্রি হয়েছে ৯৬ থেকে ৯৮ টাকায়। অন্যদিকে, এক বছরে খোলা সয়াবিন তেলের দাম বেড়েছে ৪৬ শতাংশ। এক বছর আগে যে সয়াবিনের দাম ছিল ৭০ থেকে ৭৪ টাকা, এখন তার দাম ১০৫ থেকে ১০৮ টাকা। তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে ডিসেম্বর-জানুয়ারি সময়ে দুই দফা দাম নির্ধারণ করে দেওয়া হয়। তবে অভিযোগ রয়েছে, ব্যবসায়ীরা সেই দাম অনুযায়ী তেল বিক্রি করছেন না। বাণিজ্যমন্ত্রী বলেন, "ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানি শুল্ক কমানোর বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।" ভোক্তা অধিকার আইন প্রসঙ্গে তিনি বলেন, সরকার সব মহলের সঙ্গে আলোচনার মাধ্যমে ভোক্তা অধিকার আইন প্রণয়ন করেছে। পাশাপাশি জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তরের আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। "এ অধিদপ্তর এরই মধ্যে প্রায় ৮০০ অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ৮০ লাখ টাকা জরিমানা আদায় করেছে", বলেন মন্ত্রী। ভোক্তার অধিকার নিশ্চিত করার বিষয়ে জনগণকে সচেতন করতে ব্যবসায়ীসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোক্তা অধিকার সম্পর্কিত বিষয়গুলো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার চিন্তা-ভাবনা করছে সরকার।" ডিসিসিআই সভাপতি আসিফ ইব্রাহীম বলেন, "ভোক্তারাই ব্যবসার প্রাণ। তাই ভোক্তাদের অধিকারের বিষয়গুলোকে ব্যবসায়ীদের অবশ্যই গুরুত্ব দিতে হবে।" সেমিনারে অন্যদের মধ্যে ডিসিসিআইয়ের পরিচালক নিয়াজ রহিম, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান খন্দকার বজলুল হক এবং ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসনে মিয়া ও ডিসিসিআইয়ের সদস্য এম এস সিদ্দিকী বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএল/জেকে/১৯৩৮ ঘ.