ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য কারাবন্দি শামীম ওসমান হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। ফলে এখন আওয়ামী লীগ নেতার মুক্তিতে বাধা নেই বলে তার আইনজীবী জানিয়েছেন।
বৃহস্পতিবার বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর বেঞ্চ শামীমকে জামিন দেন। এ দুই মামলায় গত ৬ ফেব্র"য়ারি তাকে কারাগারে পাঠিয়েছিলো নারায়ণগঞ্জের আদালত।
শামীমের আইনজীবী গোলাম কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুই মামলায় বিচারাধীন আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছেন আদালত। এখন তার মুক্তিতে আইনগত কোনো বাধা নেই।"
শামীমের বিরুদ্ধে একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন। সম্পদের হিসাব জমা না দেওয়ায় ২০০৭ সালের ৩০ এপ্রিল নারায়ণগঞ্জ সদর থানায় কমিশনের উপপরিচালক বেনজির আহমেদ মামলাটি করেন। এ মামলায় তার তিন বছরের সাজা হয়।
১৯৯৮ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত মোট ১৭ লাখ ৬৮ হাজার ১৯৬ টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগ এনে জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত সহকারী কর কমিশনার মিহির লাল সরকার ২০০৭ সালের ৮ আগস্ট অন্য মামলাটি করেন। এ মামলায় তার আট বছরের সাজা হয়।
দুই মামলায়ই রায়ের বিরুদ্ধে শামীম হাইকোর্টে আপিল করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১২৪৫ ঘ.
bdnews24