ঢাকা, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে পুলিশি নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে স্পিকারের কার্যালয়ের সামনে এক ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপির সংসদ সদস্যরা।
বিকাল ৩টায় এই কর্মসূচি শুরু হয়। চলে ৪টা পর্যন্ত।
৩টার দিকে বিএনপি দলীয় ২৪ সংসদ সদস্য সংসদ ভবনের পাঁচতলায় স্পিকারের কার্যালয়ের সামনে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এরপর তারা স্পিকারের কার্যালয়ের বাইরে কাছাকাছি একটি জায়গায় অবস্থান নেয়।
সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে এ কর্মসূচীতে অংশ নেয় বরকত উল্লাহ বুলু, মোশাররফ হোসেন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবুল খায়ের ভূঁইয়া, নীলুফার চৌধুরী মনি, রেহানা আখতার রানু, শাম্মী আখতার, আসিফা আশরাফি পাপিয়া এবং জামায়াতে ইসলামীর সংসদ সদস্য হামিদুর রহমান আজাদসহ ২৫ জন।
অবস্থান কর্মসূচির শুরুতে শহীদ উদ্দিন চৌধুরী বক্তব্য রাখেন।
আড়িয়ল বিলে বিমানবন্দরের পরিকল্পনা বাতিল, সেখানের সহিংস ঘটনায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহার, পুঁজিবাজারে 'কেলেঙ্কারির' জন্য দায়ীদের সাজাসহ বিভিন্ন দাবিতে বিএনপির ডাকা ওই হরতালে তাদের জোট শরিক জামায়াত ও বিজেপি সমর্থন দিয়েছিলো।
গত সোমবার বিএনপির ডাকা হরতালের সময় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিরোধী সংসদ সদস্যদের মিছিল জলকামান থেকে রঙিন পানি ছুড়ে পণ্ড করে দেয় পুলিশ। ওই সময় লাঠিপেটাও করা হয় বলে বিএনপির অভিযোগ।
বিএনপি নেতা জয়নুল বৃহস্পতিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা সংসদ সদস্য। পুলিশ আমাদের ওপর প্রকাশ্যে নির্যাতন চালিয়েছে। এর প্রতিকারের জন্য আমরা স্পিকারের কাছে স্মারকলিপি দেবো।"
তবে স্পিকার দেশে না থাকায় ডেপুটি স্পিকারের মাধ্যমে স্মারকলিপি দেওয়া হবে বলে জানান তিনি।
বর্তমান সংসদে সংরক্ষিত মহিলা আসনসহ ৩৬টি আসন রয়েছে বিএনপির। এছাড়া জামায়াতে দুজন ও বিজেপির একজন সংসদ সদস্য রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএম/আরএ/এমআই/১৬০৬ ঘ.
bdnews24