২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ: ফুল আর মরিচ বাতিতে সাজছে ঢাকা

বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসর উপলক্ষে সাজছে ঢাকা। খেলোয়াড়দের থাকার স্থান এবং স্টেডিয়ামে চলাচলের ২২ কিলোমিটার পথে এই সময়ে জ্বলবে ১৫ লাখ মরিচ বাতি। সড়কে পাশে শোভা বাড়াবে ফুলগাছও। শফিকুল ইসলাম মিলটন এর প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2011, 05:02 AM

Updated : 24 Aug 2022, 02:30 PM

শফিকুল ইসলাম মিলটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ উপলক্ষে ঢাকা মহানগরীর সৌন্দর্য বাড়াতে লাগানো হচ্ছে ১৫ লাখ মরিচ বাতি। আর এ জন্য ব্যবহার করা হচ্ছে প্রায় ২৫ হাজার গাছ। এছাড়া বিভিন্ন এলাকার ফুটপাত, রাস্তাসহ এর আশপাশের সব অবৈধ দখল উচ্ছেদ করে এসব জায়গার সৌন্দর্য বর্ধন করছে ঢাকা সিটি কর্পোরেশন। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসরের উদ্বোধন আগামী ১৯ ফেব্র"য়ারি ঢাকায় হবে। টুর্নামেন্টের আটটি খেলা হবে বাংলাদেশে। বিশ্বকাপের সময়ে আসা পর্যটকদের কাছে দেশকে মেলে ধরতে সরকারিভাবে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। বিশ্বকাপ উপলক্ষে নগরীর সৌন্দর্য বর্ধনে নিয়োজিত ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও নগরীর বিউটিফিকেশন সেলের প্রধান বিপীন কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা মূলত এয়ারপোর্ট থেকে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল ও হোটেল শেরাটন এবং হোটেল থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম পর্যন্ত মোট ২২ কিলোমিটার রাস্তা ও এর অশেপাশের সৌন্দর্য বর্ধন করছি।" এছাড়া মিন্টু রোড, বেইলী রোড, কচুক্ষেত থেকে মিরপুর-১০ এলাকারও সৌন্দর্য বর্ধন করা হচ্ছে। এসব এলাকার সড়ক দ্বীপগুলো নতুন করে সাজানো হচ্ছে, ফুট ওভার ব্রিজগুলোতে পড়ছে রঙ। সড়কের পাশের ফুটপাতে লাগানো হচ্ছে ফুলের গাছও। খেলার মূল ভেন্যু মিরপুর এলাকায় ফুলের গাছ লাগানোর ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে ডিসিসি কর্মকর্তারা জানিয়েছেন। বিপীন বলেন, "নির্দিষ্ট এলাকার রাস্তার পাশের দেওয়াল লিখন ও পোস্টার তুলে দেওয়ালগুলো নতুন করে রঙ করা হচ্ছে। ল্যাম্পপোস্টগুলোও পোস্টারমুক্ত করা হচ্ছে। ১৫ ফেব্র"য়ারির মধ্যে একাজ শেষ হবে।" সড়কের আশপাশের বাড়িগুলো রঙ করাতে বাড়ির মালিকদের বা হয়েছে বলে জানান তিনি। নগরবাসী অনেকের অভিযোগ, তাড়াহুড়ো করে দায়সারাভাবে সৌন্দর্য বাড়ানোর কাজ হচ্ছে। এর প্রতিক্রিয়া জাতে চাইলে বিপীন বলেন, "তাড়াহুড়ো হচ্ছে, তা ঠিক। কিন্তু দায়সারাভাবে হচ্ছে, এমন অভিযোগ ঠিক নয়।" "আইসিসি বাংলাদেশে বিশ্বকাপের ভেন্যু দেওয়ার বিষয়টি অনেক পরে নিশ্চিত করেছে। ভেন্যুর তালিকায় পাকিস্তান বাতিল হওয়ার পর এ সিদ্ধান্ত হয়েছে। এ কারণেই কিছুটা তাড়াহুড়ো", বলেন তিনি। সৌন্দর্য বর্ধনের আওতায় রয়েছে- এমন কয়েকটি সড়কে গত কয়েক দিনে গিয়ে ভাঙা আইল্যান্ড, ভাঙা ফুট ওভারব্রিজের ওপর রঙের প্রলেপ দিতে দেখা যায়। এ কথাটি বিপীনকে বলা হলে তিনি বলেন, "এমনটি হওয়ার কথা নয়। যদি হয়ে থাকে, তবে ১৫ তারিখের মধ্যেই আমরা চেক করে ঠিক করবো।" বিশ্বকাপের মতো এত বড় আয়োজনে নগরবাসীরও সহায়তা চেয়েছেন তিনি। সিটি কর্পোরেশন কর্মকর্তা বলেন, "যে সব গাছ লাগানো হচ্ছে, এগুলো কেউ নষ্ট করবেন না। নিজেদের বাসস্থানের আশপাশের দেওয়ালে পোস্টার লাগাবেন না। বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলবেন এবং নগরী পরিচ্ছন্ন রাখবেন।" ক্রীড়ামোদীদের জন্য নগরীর ১৫টি স্থানে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও বিপীন জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এমআই/১০৫০ ঘ.