ব্রাহ্মণবাড়িয়া, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দাড়িয়াপুরে একটি সংখ্যালঘু পরিবারে দুর্বৃত্তের হামলায় পাঁচজন আহত হয়েছেন।
এ সময় তারা ঘরের দু'টি মূর্তিও ভাংচুর করেছে।
বুধবার রাত ৮টায় এ হামলায় আহত কানন রানী দাস (৩৫), বলরাম দাস (২৮), শোভারানী দাসকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর দু'জন প্রসেঞ্জিত (২৫) ও পূজা রানী দাসকে (১০) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
গৃহকর্তা হারাধন দাস বলেন, একটি জমি নিয়ে বিরোধের জেরে সন্ত্রাসীরা হামলা চালিয়ে তার পরিবারের ৫ সদস্যকে আহত করে।
এ সময় তাদের ঘরে থাকা লক্ষ্মী ও সরস্বতী মূর্তি ভাংচুর করে। বসত ঘরে অগ্নিসংযোগ করে।
তিনি অভিযোগ করেন, এরপর সদর থানা থেকে পুলিশ এসে হামলাকারীদের পক্ষ নেয় এবং তারা আবারো তাদের মারধর করে।
এ ব্যাপারে জানতে ফোন করলে সদর থানার ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির ফোন ধরেননি।
স্থানীয় বাসিন্ধা মিনারা বেগম বলেন, পুলিশ হামলাকারীদের পক্ষ নিয়ে নির্যাতিত পরিবারে সদস্যদের আবারো মারধর করেছে।
পুলিশের ভুমিকায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
পুলিশ সুপারিনটেনডেন্ট জামিল আহম্মেদ বলেন, হামলার ঘটনায় কঠোর ব্যবস্থা নেয়া হবে। পুলিশ প্রভাবিত হয়ে থাকলে তদন্তপূর্বক তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
পরবর্তী হামলা এড়াতে সংখ্যালঘু পাড়ায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও পুলিশ সুপার জানিয়েছেন।
গৃহকর্তা হারাধন দাস বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩০ ঘ.
bdnews24