২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবিশেষ'বাহাত্তরের প্রস্তাবনা ফিরবে সংবিধানে'

সংবিধানে ১৯৭২ সালের 'প্রস্তাবনা' ফিরিয়ে আনার সুপারিশ করবে সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটি। এর ফলে সংবিধান থেকে 'বিসমিল্লাহির-রহমানির রহিম' বাদ পড়বে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 04:52 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

কামরান রেজা চৌধুরী ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানে ১৯৭২ সালের 'প্রস্তাবনা' ফিরিয়ে আনার সুপারিশ করবে সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটি। এর ফলে সংবিধান থেকে 'বিসমিল্লাহির-রহমানির রহিম' বাদ পড়বে। জাতীয় সংসদ ভবনে কমিটির সপ্তম বৈঠক শেষে কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বুধবার সাংবাদিকদের বলেন, "আমরা সর্বসম্মতভাবে সংবিধানে ১৯৭২ সালের প্রস্তাবনা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি।" এই সুপারিশ কারকর করা হলে সংবিধানের বর্তমান প্রস্তাবনাটি ১৯৭২ সালের প্রস্তাবনা দিয়ে প্রতিস্থাপিত হবে। সেক্ষেত্রে 'বিসমিল্লাহির-রহমানির রহিম', 'দয়াময়, পরম দয়ালু, আল্লাহের নামে' ও 'সর্বশক্তিমান আল্লাহের উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস'- এই কথাগুলো সংবিধানে থাকবে না। ১৯৭৭ সালে জেনারেল জিয়াউর রহমান এক সামরিক আদেশে ১৯৭২ সালের সংবিধান সংশোধন করে প্রস্তাবনায় ওই শব্দগুলো অন্তর্ভুক্ত করেন। এছাড়া মুখবন্ধে 'জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের' শব্দবন্ধটি 'জাতীয় স্বাধীনতার জন্য ঐতিহাসিক যুদ্ধ' দিয়ে প্রতিস্থাপন করা হয়। সংবিধানের নির্দেশনা অনুসারে এটি সংশোধন করতে জাতীয় সংসদের দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন হবে। ১৯৭৯ সালের এপ্রিলে বিএনপি নেতৃত্বাধীন দ্বিতীয় সংসদের মাধ্যমে ওই প্রস্তাবনাটি সংবিধানের অন্তর্ভুক্ত করে নেওয়া হয়, যা পঞ্চম সংশোধনী হিসাবে পরিচিত। এর ফলে ১৯৭২ সালের সংবিধানের ধর্মনিরপেক্ষ চরিত্রের পরিবর্তন হয়। আওয়ামী লীগ এই পঞ্চম সংশোধনীর বিরোধিতা করে আসছিল। অবশেষে ২০১০ সালের ২৭ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এক রায়ে পঞ্চম সংশোধনী বাতিল ঘোষণা করে। একইসঙ্গে সংবিধানকে পঞ্চম সংশোধনীর আগের অবস্থানে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। সুরঞ্জিত সেনগুপ্ত জানান, আইনমন্ত্রী শফিক আহমেদ ১৯৭২ সালের সংবিধানের পুনর্মুদ্রিত কপি আগামী ১৫ ফেব্র"য়ারি কমিটির সদস্যদের হাতে দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছেন। তিনি জানান, কমিটি পুনর্মুদ্রিত কপির প্রতিটি অনুচ্ছেদ পরীক্ষা করে দেখবে এবং সে অনুযায়ী সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল আনার জন্য সুপারিশ করবে। একমাত্র সংসদেই সংবিধানের সংশোধন সম্ভব উল্লেখ করে সুরঞ্জিত বলেন, "আমরা সংসদের চলতি অধিবেশনেই সংবিধান সংশোধন বিল অনুমোদনের চেষ্টা করব।" নবম জাতীয় সংসদের চলতি অধিবেশন আগামী ১০ এপ্রিল শেষ হবে। সুরঞ্জিত আরো বলেন, পুনর্মুদ্রিত সংবিধানটি 'কেস ল' হিসাবে বিবেচনা করা হবে যাতে অবৈধ ঘোষিত পঞ্চম সংশোধনীর ধারাগুলো আর কার্যকর না থাকে। ২০০৫ সালে বিএনপি সরকারের সময়ে হাইকোর্ট এক রায়ে সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে। তবে সরকারের আবেদনে আপিল বিভাগ তা স্থগিত করে। পরে ২০১০ সালে হাইকোর্টের রায় বহাল রেখে জিয়াউর রহমানের সামরিক শাসনকে অবৈধ ঘোষণা করে রায় দেয় আপিল বিভাগ। আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী, ১৯৭২ সালের সংবিধান ফিরিয়ে আনতে সরকার গত বছর ২১ জুলাই ১৫ সদস্যের একটি কমিটি গঠন করে। কিন্তু প্রধান বিচারপতির বক্তব্যের কারণে বিশেষ কমিটির এখতিয়ার নিয়েই বিতর্কের সৃষ্টি হয়। প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেন, আদালতের রায়ের ফলে মূল সংবিধান স্বয়ংক্রিয়ভাবে প্রতিস্থাপিত হয়ে গেছে। এ অবস্থায় সরকার আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী ১৯৭২ সালের সংবিধান পুনর্মুদ্রণ করতে সম্মত হয়। বিশেষ কমিটির নেতৃত্বে থাকা সৈয়দা সাজেদা চৌধুরীও আদালতের রায় অনুযায়ী ১৯৭২ সালের সংবিধান পুনর্মুদ্রণের অনুরোধ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেবি/জেকে/২২৪৩ ঘ.