২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফজলু হত্যা: ওয়ার্ড সভাপতিকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি

মহানগর ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফজলুল হক হত্যা মামলায় একই ওয়ার্ডের সভাপতি নূর মোহাম্মদকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 03:10 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহানগর ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফজলুল হক হত্যা মামলায় একই ওয়ার্ডের সভাপতি নূর মোহাম্মদকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. মোস্তফা শাহরিয়ার খান এ আদেশ দেন। নূর মোহাম্মদকে ২৭ জানুয়ারি গ্রেপ্তার করা হয়। এর পরদিন তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিন হেফাজতের আবেদন করে গোয়েন্দা পুলিশ। কিন্তু ওইদিন তিনি ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় হেফাজতের আবেদনের শুনানি হয়নি। বুধবার হেফাজতের আবেদন শুনানির দিন ধার্য ছিল। শুনানি শেষে নূর মোহাম্মদের পক্ষে জামিন ও হেফাজতের আবেদন নাকচ করেন বিচারক। মামলার নথিপত্রে দেখা যায়, এ পর্যন্ত এ মামলায় নূর মোহাম্মদসহ ১২ জনকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। মামলার তদন্তভার আগে শেরেবাংলা নগর থানা পুলিশের হাতে থাকলেও পরে তদন্তের দায়িত্ব নেয় মহানগর গোয়েন্দা পুলিশ। গত ১৪ জানুয়ারি দুপুরে আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান জাদুঘরের সামনে গুলিবিদ্ধ হন ঢাকা মহানগর ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক। পরে পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরের দিন নিহতের স্ত্রী নীলা হক শেরেবাংলা নগর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/২১০৪ ঘ.