২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে খেলাফতের সাত নেতা আটক

বরিশালে বাংলাদেশ খেলাফত মজলিশের সাত নেতাকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 01:06 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

বরিশাল, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালে বাংলাদেশ খেলাফত মজলিশের সাত নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার বিকালে মিছিল করার সময় তাদের নগরীর সদর রোড থেকে আটক করা হয়। পুলিশ বলেছে, বিনা অনুমতিতে সভা ও মিছিল করার অভিযোগে তাদের আটক করা হয়েছে। এছাড়া বিএনপির বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আটককৃতরা হলেন- খেলাফত মজলিশ বরিশাল মহানগর শাখার সভাপতি আবুল কাসেম শাজাহান, সাধারণ সম্পাদক মুন্সী মোস্তাফিজুর রহমান, সহসাধারণ সম্পাদক এ টি এম মুজাহিদুল ইসলাম, নির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক ও মো. জাকির হোসেন, ছাত্র মজলিশের সভাপতি এ এইচ এম আবুল বাশার ও সাধারণ সম্পাদক মো. নাসিরউদ্দিন। আটক মুন্সী মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং প্রস্তাবিত শিক্ষানীতি বাতিলের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিকালে অশ্বিনী কুমার হল চত্বর এলাকায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। অশ্বিনী কুমার হল চত্বর থেকে তাদের মিছিল সদর রোড বিবি পুকুরের কাছাকাছি পৌঁছালে পুলিশ বাধা দেয়। কোতয়ালি মডেল থানার (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে। এই বাধা অতিক্রম করায় খেলাফত মজলিশের নেতাদের আটক করা হয়। উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর আটককৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান। এদিকে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে পৃথক মিছিল-সমাবেশ করেছে জেলা ও মহানগর বিএনপি'র দুই পক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, বুধবার বিকালে বিএনপির অন্যতম কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ারের অনুসারী হিসেবে পরিচিত জেলা ও মহানগর বিএনপি'র নেতাকর্মীরা সদর রোডের দলীয় কার্যালয়ে সামনে জড়ো হলে তাদের অবরুদ্ধ করে রাখে পুলিশ। অবরুদ্ধ অবস্থায়ই কার্যালয় চত্বরে সমাবেশ করে তারা। সমাবেশ শেষে তারা মিছিল বের করতে চাইলে বাধা দেয় পুলিশ। পরে তারা মৌন মিছিল নিয়ে কিছুদুর অগ্রসর হলেও পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়। এর কিছুক্ষণ পর তারা সংগঠিত হয়ে জেলা যুবদল নেতা সৈয়দ আকবর হোসেনের নেতৃত্বে সিটি কর্পোরেশন চত্বর থেকে মিছিল বের করে। মিছিলটি জেলা প্রশাসক কার্যালয় এলাকায় গিয়ে শেষ হয়। এছাড়া দুপুর ১২টায় কেন্দ্রীয় বিএনপি'র সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান রাজনের নেতৃত্বে জেলা ও মহানগর বিএনপি'র একটি পক্ষ দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। সমাবেশের পর নগরীর ফলপট্টি এলাকায় মিছিল বের করলে বিএনপি নেতাকর্মীদের পেছন থেকে ধাওয়া করে পুলিশ। এতে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ ব্যাপারেও কোতয়ালি মডেল থানার ওসি বলেন, অনুমতি না নেওয়ায় পুলিশ এই ব্যবস্থা নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০৫ ঘ.