ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বংশালের ইসালামপুরে একটি জুতার কারখানায় এবং মিরপুরের কলওয়ালপাড়া এলাকায় একটি ছাপাখানায় বুধবার বিকালে আগুন লাগে।
আগুনে দুইটি কারাখানায় ব্যাপক ক্ষতি হয়। ছাপাখানায় আগুনের ঘটনায় একজন আহত হয়েছে।
ইসলামপুরের ঈদগাহ মাঠের কাছে বিকাল পৌনে ৫টার দিকে একটি জুতার কারখানায় আগুন লাগে। স্থানীয় লোকজন ও দমকল বাহিনীর সদস্যরা আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বংশাল থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনতলা ভবনের নীচ তলায় জুতার কারখানাটি অবস্থিত। দোতলা ও তিনতলায় লোকজন বাস করে।
তিনি জানান, আগুন লাগার পরপরই স্থানীয় লোকজন এবং পরে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়।
আগুনে কারখানাটির মালামাল পুড়ে যায়। কেউ হতাহত হননি। আগুনের লাগার কারণ জানা যায়নি বলে জানান তিনি।
এদিকে বেলা সাড়ে ৪টার দিকে মিরপুর থানা এলাকার সনি সিনেমা হলের সামনে করওয়ালা পাড়ায় অমি প্রিন্টার্স নামের একটি ছাপাখানায় আগুন লাগে। আগুনে ছাপাখানাটি পুড়ে গেছে। ঘটনার পরপরই দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
মিরপুর থানার ওসি ওয়াজেদ আলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে কারখানার মালামাল পুড়ে গেছে। আগুন নেভানোর সময় ছাপাখানার কর্মচারি রফিক দগ্ধ হন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।
এই দুটি অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেএমএস/১৮৩৯ ঘ.
bdnews24