ঢাকা, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরের নড়িয়ায় দোররার পর মারা যাওয়া হেনা আক্তারের বাবা ও বোনকে আদালতে হাজির হতে বলা হয়েছে।
হাইকোর্টের বিচারপতি এএইচএম শামসুদ্দীন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।
বৃহস্পতিবার সকাল ১০টায় হেনার বাবা দরবেশ খান ও বোনকে আদালতে হাজির করতে শরীয়তপুরের জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২৪ জানুয়ারি নড়িয়া উপজেলার চামটা গ্রামে শালিসে দেওয়া ফতোয়ার পর নির্যাতনের শিকার হেনা আক্তার (১৪) গত ৩১ জানুয়ারি মারা যায়।
হেনার মৃত্যু প্রতিরোধে কী ব্যবস্থা নেওয়া হয়েছিলো- তা জানাতে এর আগে নড়িয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শরীয়তপুরের জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছিলো হাইকোর্টের একই বেঞ্চ।
গত বছরের ৮ জুলাই ফতোয়ার নামে স্থানীয় সালিশে বিচারবহির্ভূত শাস্তি অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। ওই রায়ের পর্যবেক্ষণে বলা হয়, এ ধরনের শাস্তি প্রদান ও কার্যকরে জড়িত, উপস্থিত ও সহায়তাকারী ব্যক্তি ফৌজদারি অপরাধ ও শাস্তির আওতায় আসবে।
ওই রায়ের সূত্র ধরেই আদালত এ আদেশ দেয়। এরপর আদালতের আদেশে নতুন করে হেনার ময়নাতদন্ত হয়েছে।
হেনার মৃত্যুর ঘটনায় তার বাবা হত্যার অভিযোগ এনে একটি মামলা করেছেন। ওই মামলার ১৮ আসামির মধ্যে পাঁচ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১৫৪০ ঘ.
bdnews24