২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সার্ক গণতন্ত্র সনদ' গৃহীত

সদস্য দেশগুলোর মধ্যে গণতন্ত্রের বিকাশ ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে 'সার্ক গণতন্ত্র সনদ' বা চার্টার অব ডেমোক্রেসি গ্রহণ করেছে সার্ক কাউন্সিল অব মিনিস্টারস। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2011, 03:20 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদস্য দেশগুলোর মধ্যে গণতন্ত্রের বিকাশ ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে 'সার্ক গণতন্ত্র সনদ' বা চার্টার অব ডেমোক্রেসি গ্রহণ করেছে সার্ক কাউন্সিল অব মিনিস্টারস। মঙ্গলবার ভুটানের রাজধানী থিম্পুতে সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এই সনদ গৃহীত হয়। এদিন ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গণতন্ত্রের মূল্যবোধ ও আদর্শ তথা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর বিকাশ ও সংরক্ষণে সার্ক দেশগুলোর সমন্বিত অঙ্গীকারের কথা সার্ক গণতন্ত্র সনদে বলা হয়েছে। গত এপ্রিলে ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলনে 'সার্ক গণতন্ত্র সনদ' গ্রহণের প্রস্তাব দেয় বাংলাদেশ। এরপর ২০১০ সালের ৬ সেপ্টেম্বর ঢাকায় আন্তঃসরকার বৈঠকে সার্ক গণতন্ত্র সনদের খসড়া চূড়ান্ত করা হয়। এরই ধারাবাহিকতায় থিম্পুতে সোমবার স্থায়ী কমিটির বৈঠকে খসড়াটি চূড়ান্ত করার সুপারিশ করেন সার্ক পররাষ্ট্রসচিবরা। থিম্পুতে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। গত এপ্রিলে ষোড়শ শীর্ষ সম্মেলনের পর অর্জিত অগ্রগতি পর্যালোচনা করা হয় সার্ক কাউন্সিল অব মিনিস্টারস এর এ বৈঠকে। ভারত হয়ে বাংলাদেশ থেকে নেপালে কার্গো ট্রেন পরীক্ষামূলকভাবে চালুর ধারণাও বৈঠকে অনুমোদন পায় বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়। এছাড়া সাউথ এশিয়ান ইউনিভার্সিটির বিধি-বিধান অনুমোদিত হয় এবং সাউথ এশিয়া ফোরাম গঠনের প্রক্রিয়া সম্পন্ন করতে একটি স্টিয়ারিং কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্বব্যাপী খাদ্যশস্যের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি কৃষি খাতের উন্নয়নে প্রচেষ্টা আরো জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন বৈঠকে। একই সঙ্গে তিনি সার্ক খাদ্য ব্যাংককে কার্যকর করা, বীজ ব্যাংক চুক্তি চূড়ান্তকরণ এবং আঞ্চলিক খাদ্য নিরাপত্তা প্রকল্পগুলো বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। সাফটার পুরো সম্ভাবনা কাজে লাগাতে সব ধরনের প্যারা-ট্যারিফ ও নন-ট্যারিফ বাধা অবিলম্বে অপসারণেরও আহ্বান জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। দীপু মনি সার্ক পরিসেবা বাণিজ্য চুক্তি (এসএটিআইএস) বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব আরোপ করেন। সার্ক দেশগুলোর মধ্যে এই পরিসেবা বাণিজ্য চুক্তি সই হওয়ায় সদস্য এক দেশের পেশাজীবীরা অন্য দেশে কাজ করতে পারবেন। এছাড়া বিনিয়োগ প্রবাহের মাধ্যমে কর্ম সংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে। জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবেলায় সার্ক দেশগুলোর সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার বিষয়েও জোর দেন পররাষ্ট্র মন্ত্রী। তিনি বলেন, সদস্য দেশগুলোর জনগণের মধ্যে যোগাযোগ আরো নিবিড় করতে সার্ক দেশগুলোর ভিসা স্কিম নির্দিষ্ট সময় অন্তর পর্যালোচনা হওয়া প্রয়োজন। সন্ত্রাসবাদ, মাদক ও অর্থ পাচার, ধর্মীয় জঙ্গিবাদ দমনে সদস্য দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান দীপু মনি। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস, ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/এইচএ/২২৩০ ঘ.