সিলেট, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুহম্মদ জাফর ইকবালকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সোমবার বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে আটক করেছে পুলিশ।
পরে জাফর ইকবারের সুপারিশে তাকে ছেড়ে দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।
আটককৃত মো. আব্দুল্লাহ আল মামুন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মারুফ রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশের জিজ্ঞাসাবাদে মামুন বলেছেন- মোবাইল ফোনে বন্ধুকে ক্ষুদ্র বার্তা (এসএমএস) পাঠাতে গিয়ে ভুলে তা অধ্যাপক জাফর ইকবালের ফোনে চলে যায়।"
বুধবার জনপ্রিয় লেখক জাফর ইকবালকে এসএমএস-এর মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়। তাতে লেখা ছিলো 'আমি খুন করে ফেলবো তোকে'।
ঘটনাটি জানিয়ে জাফর ইকবাল রোববার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারকে একটি চিঠি দেন।
ওইদিনই বিশ্ববিদ্যালয় প্রশাসন সিলেট কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমএসবি/২১০৪ ঘ.
bdnews24