নরসিংদী, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে পাঁচ জন নিহত হয়েছে।
সদর উপজেলার কাঠালিয়া গ্রামে সোমবার ভোররাতে তারা গণপিটুনির শিকার হয় বলে নরসিংদী সদর মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম জানিয়েছেন।
নিহতদের পরিচয় পাওয়া যায়নি। লাশগুলো নরসিংদী সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ কর্মকর্তা নজরুল সাংবাদিকদের বলেন, "রাত ৩টার দিকে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ছোট বিরানচর গ্রামে পনির হোসেনের বাড়িতে ডাকাতির পর ১০/১২ জন পালানোর সময় ওই গ্রামের একটি মসজিদ থেকে ডাকাত ধরতে মাইকিং করা হয়। তখন ডাকাতরা কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পাশের কাঠালিয়া গ্রামে ঢুকে পড়ে।"
কাঠালিয়ার বাসিন্দারা ডাকাতদের মধ্যে পাঁচ জনকে ধরে ব্যাপক মারধর করলে তারা ঘটনাস্থলেই মারা যায় বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০২০ ঘ.
bdnews24