চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টারে ডাকাতির ঘটনায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নগরীর বায়েজীদ থানার কয়লাঘর ও পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে শনিবার রাতে মো. ফিরোজ (২৮) ও মনিরুজ্জামান মনির (৪২) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গত শুক্রবার রাতে অস্ত্রের মুখে নগরীর প্রবর্তক মোড় এলাকার শেভরন ডায়াগনস্টিক সেন্টার থেকে ১০ লাখ ৭০ হাজার টাকাসহ ছয়টি মোবাইল ফোনসেট ও একটি স্বর্ণের চেইন ও এক চিকিৎসকের একটি ব্যাগ ছিনিয়ে নেয় একদল ডাকাত।
বায়েজীদ থানার ওসি এ কে এম মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্রেপ্তার দু'জন ওই ডাকাতির সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক আনোয়ারুল করিমের ব্যাগটি উদ্ধার করা হয়েছে। ওই ব্যাগ থেকেই অস্ত্র উদ্ধার করা হয়।"
উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে- একটি ওয়ালথার পিপিকে পিস্তল, একটি আমেরিকান স্টার পিস্তল, দুটি দেশে তৈরি বন্দুক, দুটি ম্যাগাজিন, আট রাউন্ড গুলি, দুটি কার্তুজ ও দুটি চাপাতি।
ওসি বলেন, এরা ছাত্রশিবির ক্যাডার সাজ্জাদের সহযোগী।
তিনি জানান, শনিবার রাত সাড়ে নয়টায় কয়লাঘর এলাকায় অভিযান চালিয়ে প্রথমে ফিরোজকে গ্রেপ্তার করা হয়। এসময় ম্যাক্সন, সরোয়ার, মহিন নামে আরো তিন সন্ত্রাসী পালিয়ে যায়।
পরে ফিরোজের দেওয়া তথ্য অনুযায়ী মুরাদপুরে মনিরের বাসায় অভিযান চালিয়ে ব্যাগে অস্ত্রসহ মনিরকে গ্রেপ্তার করা হয়।
ওসি জানান, গ্রেপ্তার দু'জনের বিরুদ্ধে বায়েজীদ থানায় অস্ত্র ও ডাকাতির ঘটনাসহ মোট চারটি মামলা করা হয়েছে। ডাকাতির সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/জেবি/পিডি/২১৪১ ঘ.
bdnews24