২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ পাচার মামলা: তারেকের আবেদনের শুনানি মুলতবি

অর্থ পাচার মামলার বৈধতা চ্যালেঞ্জ করে তারেক রহমানের রিট আবেদন খারিজের বিরুদ্ধে আপিল বিভাগে করা আবেদনের পরবর্তী শুনানি হবে আগামী ৯ ফেব্র"য়ারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2011, 08:34 AM

Updated : 24 Aug 2022, 02:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ পাচার মামলার বৈধতা চ্যালেঞ্জ করে তারেক রহমানের রিট আবেদন খারিজের বিরুদ্ধে আপিল বিভাগে করা আবেদনের পরবর্তী শুনানি হবে আগামী ৯ ফেব্র"য়ারি। তারেকের এক আবেদনে রোববার প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে তিন সদস্যের নিয়মিত বেঞ্চ আগামী কার্য দিবস পর্যন্ত শুনানি মুলতবি করেন। আদালতে তারেকের আইনজীবী আহসানুল করিম বলেন, "মামলায় ২০০৩ সালের ৩ জানুয়ারি থেকে ২০০৭ সালের ৩১ মে পর্যন্ত সময়কে অপরাধকাল হিসাবে উল্লেখ করেছে। মামলা হয়েছে ২০০৯ সালের ২৬ অক্টোবর। কিন্তু তা করা হয় ২০০৮ সালের আইনে।" পরে হওয়া আইনে পূর্ববর্তী অপরাধের বিচার হতে পারে না বলে আদালতে যুক্তি তুলে ধরেন তিনি। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, "২০০২ সালের আইনে অপরাধের যে সংজ্ঞা দেওয়া হয়েছে, পরবর্তীতে করা আইনেও পূর্ববর্তী বিষয়গুলোকে অপরিবর্তিত রেখে নতুন কিছু বিষয় যুক্ত করা হয়েছে। তাই এ আইনে মামলা চলতে পারে।" সহকারী অ্যাটর্নি জেনারেল একরামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বছরের ২৯ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে তারেক রহমানের করা রিট আবেদন খারিজ করে হাইকোর্ট। পরে তারেকের করা এক আবেদনে চেম্বার বিচারপতি গত ৩ জানুয়ারি 'নো অর্ডার' দিয়ে মামলাটি পূর্ণাঙ্গ বেঞ্চ পাঠিয়ে দেয়। ২০০৯ সালের ২৬ অক্টোবর দুদকের সহকারী পরিচালক মো. ইব্রাহিম বাদি হয়ে তারেক রহমান ও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। ওই বছরের ৬ জুলাই এ মামলায় তারেক ও মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন। মামলায় অভিযোগ করা হয়, তারেক ও মামুন ২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন উপায়ে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা সিঙ্গাপুরে পাচার করেছেন। টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্র"তি দিয়ে ১০/বি, বনানীর নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের মালিক খাদিজা ইসলামের কাছ থেকে গিয়াসউদ্দিন আল মামুন এই অর্থ নেন বলে এজাহারে অভিযোগ করা হয়। মামলায় আরো বলা হয়, সিঙ্গাপুরে বসে লেনদেন হওয়ার পর ওই অর্থ সিঙ্গাপুরের ক্যাপিটাল স্ট্রিটের সিটি ব্যাংক এনএতে মামুনের নামে একটি ব্যাংক হিসাবে জমা রাখা হয়। এর পরিমাণ ছিল ৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (প্রায় পাঁচ কোটি ১৭ লাখ টাকা)। জরুরি অবস্থা জারির পর ২০০৭ সালের ৭ মার্চ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেককে গ্রেপ্তার করা হয়। সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে ওই বছরের ১১ সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান। সেই থেকে লন্ডনে অবস্থান করছেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/এমআই/১৪৩০ ঘ.