সাভার, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় এক ট্রাফিক কনস্টেবলকে চাপা দিয়ে পালিয়েছে ট্রাকচালক।
শনিবার বিকালে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত শাহ আলম (৪৫) টাঙ্গাইল সদর উপজেলার রাউজান এলাকার ইনসান আলীর ছেলে।
ঢাকা জেলা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সাড়ে ৩ টার দিকে বাইপাইল থেকে একটি ট্রাক নিয়ম ভেঙে রাস্তার উল্টো দিক দিয়ে এগোতে থাকলে নবীনগর বাসস্ট্যান্ডে দায়িতরত শাহ আলম চালককে থামার সংকেত দেন।
কিন্তু ট্রাক চালক তাকে চাপা দিয়ে ধামরাইয়ের দিকে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শাহ আলমকে গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, তার মৃত্যু হয়েছে।
ফারুক হোসেন জানান, পুলিশ ট্রাকটি ধাওয়া করে ধামরাই উপজেলা স্ট্যান্ডের সামনে থেকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
ময়নাতদন্ত শেষে সাভার থানায় জানাজার পর শাহ আলমের মরদেহ তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে পাঠানো হবে বলে জোনান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/জেকে/১৮২০ ঘ.
bdnews24