ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারিক অঙ্গনের দুর্নীতি জানতে সুপ্রিম কোর্টে স্থাপিত অভিযোগ বক্সে এক জ্যেষ্ঠ বিচারিক হাকিমের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে।
তথ্য-প্রমাণ ও সাক্ষী থাকা সত্ত্বেও আর্থিক সুবিধা নিয়ে আসামিকে খালাস করে দিয়েছেন- রাজবাড়ী জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আবু আব্বাস উদ্দীনের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন আখিল চন্দ্র মজুমদার নামে এক ব্যক্তি।
বৃহস্পতিবার বিচারিক অঙ্গনের দুর্নীতি জানতে সুপ্রিম কোর্টে স্থাপিত অভিযোগ বক্সে অভিযোগটি জমা দেওয়া হয়।
সুপ্রিম কোর্টের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থাপনের পর এই প্রথম বক্সে কোনো অভিযোগ পড়লো।
গত ৩১ জানুয়ারি বক্সটি স্থাপন করা হয়।
অভিযোগপত্রটির একটি কপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পেয়েছে।
অভিযোগপত্রে বলা হয়, প্রাইমারি স্কুলে চাকরি দেওয়ার কথা বলে আব্দুল হাকিম মীর মালত নামে এক ব্যক্তি তার নিকট থেকে একলাখ টাকা ধার নেন।
"পরে চাকরিও দেননি এবং টাকাও ফিরত দিতে অস্বীকার করেন।"
আখিল অভিযোগপত্রে বলেন, আমি মামলা দায়ের করলে আসামি আদালতে হাজির হয়ে টাকা নেওয়ার কথা স্বীকার করে কয়েক কিস্তিতে পরিশোধ করার কথা জানান।
"কিন্তু টাকা না দেওয়ায় আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করলে তিনি এর বিরুদ্ধে রিভিশন পিটিশন দায়ের করেন। আদালত তা খারিজ করে দেয়।"
আখিল চন্দ্র মজুমদার অভিযোগ করেন, "এ সব ঘটনার তথ্য-প্রমাণ এবং আদালতে আসামির স্বীকারোক্তি প্রদানের পরও জ্যেষ্ঠ বিচারিক ম্যাজিস্ট্রেট মো. আবু আব্বাস উদ্দীন গত ২৭ অক্টোবর আসামিকে খালাস করে দেন।"
অভিযোগকারী তার চিঠিতে ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে প্রধান বিচারপতির কাছে এ ঘটনার 'সুষ্ঠু ও নিরপেক্ষ' তদন্ত দাবি করেন।
গত ২৩ ডিসেম্বর টিআইবি প্রকাশিত এক জরিপে বলা হয়, সেবা খাতের মধ্যে বিচার বিভাগেই দুর্নীতি বেশি হয়। এর মধ্যে ঘুষ লেনদেন বেশি হয় উচ্চ আদালতে।
টিআইবি'র দেওয়া তথ্য-উপাত্ত পর্যালোচনায় গত ৩০ ডিসেম্বর বিচারপতি মো. আব্দুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে পাঁচজন বিচারপতিকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়। কমিটি সেদিনই টিআইবির দেওয়া তথ্য-উপাত্ত পর্যালোচনা শুরু করে।
২০ জানুয়ারি সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় পর্যালোচনা কমিটি মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন করে। এর আগে ১৮ জানুয়ারি প্রধান বিচারপতির কাছে ওই প্রতিবেদন জমা দেওয়া হয়।
টিআইবি'র 'বিচার বিভাগে দুর্নীতি' বিষয়ক প্রতিবেদন নির্ভরযোগ্য নয় উল্লেখ করে সুপ্রিম কোর্ট কমিটি বলেছে, এ প্রতিবেদনের উত্তর সম্বলিত প্রশ্নমালায় তারা সন্তুষ্ট নন।
কমিটির মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, "টিআইবি'র প্রতিবেদনে বিচার বিভাগের দুর্নীতির সঠিক তথ্য অনুপস্থিত থাকলেও বিচার ব্যবস্থাপনায় নানা ধরণের দুর্নীতি যে বিরাজমান তা অস্বীকার করার উপায় নেই।"
এর প্রেক্ষিতে ওই দিনই বিচার ব্যবস্থাপনার দুর্নীতি খুঁজে বের করতে একটি কমিটি করার ঘোষণা দেন প্রধান বিচারপতি।
এরপর ২৩ জানুয়ারি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশেন (বিজেএসএ) ভিত্তিহীন ও অসত্য প্রতিবেদন প্রকাশের জন্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কর্তৃপক্ষের 'দৃষ্টান্তমূলক বিচার' দাবি করেন।
একই দিন বিচার বিভাগের দুর্নীতি তদন্তে আপিল বিভাগের বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি আনোয়ার উল হক, বিচারপতি একেএম ফজলুর রহমান, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২৩৪৫ ঘ.
bdnews24