ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৃতীয় দিনে এসে একুশে গ্রন্থমেলায় ভিড় একটু বাড়ল। ফলে বৃহস্পতিবার বিকেলে মেলা প্রাঙ্গণে ঢুকতে দীর্ঘ লাইন পার হতে হলো দর্শনার্থীদের।
লোক সমাগম বাড়তে থাকায় উচ্ছ্বাস প্রকাশ করলেন মেলা সংশ্লিষ্ট সবাই।
সপ্তাহের শেষ দিন বলে অফিস-আদালত-শিক্ষান ছুটির পর অনেকেই এদিন ছুটে এসেছিলেন বই মেলায়। ফলে ৩টা বাজতেই বাংলা একাডেমীর মূল ফটকে দেখা গেল দীর্ঘ লাইন।
যাত্রাবাড়ী এলাকা দুই ছেলে-মেয়েকে নিয়ে মেলায় আসেন ব্যাংক কর্মকর্তা সফি উদ্দিন আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "বৃহস্পতিবার হাফ টাইমে অফিস ছুটি হয়ে যায়। ভিড় একটু কম হবে ভেবে আজই মেলায় আসলাম। ছেলে-মেয়েদের নিয়ে মেলা ঘুরে পছন্দের কিছু বই কিনে বাসায় ফিরব।"
অবশ্য মেলার সবে শুরু বলে অনেকেই বই কিনছেন ন। আপাতত তারা ঘুরে ঘুরে বই পছন্দ করছেন।
অবসর প্রকাশনীর বিক্রেতা মাসুদ রানা বলেন, "মেলার প্রবেশ মুখের স্টলগুলোতে বিক্রি ভালোই হচ্ছে। তবে অন্যগুলোতে তেমন হচ্ছে না।"
দর্শনার্থীদের উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে সব স্টলেই বিক্রি বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
শুক্রবার ছুটির দিন বলে বিপুল দর্শনার্থীর উপস্থিতি আশা প্রকাশ করছে বাংলা একাডেমী।
বাংলা একাডেমীর জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মুর্শিদ আনোয়ার জানান, শুক্রবার মেলা শুরু হবে বেলা ১১ টায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৯৫৮ ঘ.
bdnews24