ঢাকা, ফেব্রুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রকে পিটিয়ে রক্তাক্ত করার ঘটনায় সদর থানা পুলিশের তদন্ত প্রতিবেদন নির্ভরযোগ্য নয় উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে হাইকোর্ট।
আহত ওই শিক্ষার্থী ও তার অভিভাবকের বক্তব্য নিয়ে বগুড়ার মুখ্য বিচারিক হাকিমকে চার সপ্তাহের মধ্যে নতুন প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি শামীম হাসনাইন ও মো. রেজাউল হাসানের বেঞ্চ এ নির্দেশ দেয়।
গত ১৭ জানুয়ারি দৈনিক যুগান্তরে প্রকাশিত একটি প্রতিবেদন হাইকোর্টের নজরে আনলে আদালত এ বিষয়ে স্বতঃপ্রণোদিত হয়ে আদেশ দিয়েছিলো।
প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, বগুড়ার নামুজা ভাণ্ডরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মামুনুর রশিদ ক্লাসে হইচই করায় সুলতান মাহমুদ নামের প্রথম শ্রেণীর এক ছাত্রকে পিটিয়ে রক্তাক্ত করেন।
ওইদিনই হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে দুই সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বগুড়া সদর থানার ওসিকে নির্দেশ দেয়।
সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার উপস্থাপিত পুলিশের ওই প্রতিবেদনে শিক্ষক মামুনুর রশিদকে নির্দোষ হিসাবে উপস্থাপন করা হয়েছে।"
এতে বলা হয়েছে, ওই শিক্ষকের আঘাতে নয়, বেঞ্চের সাথে আঘাত পেয়ে সুলতান মাহমুদ আহত হয়েছিলো।
মামুনুর রশিদ বলেন, "আদালত এই প্রতিবেদনকে অগ্রহণযোগ্য উল্লেখ করে চার সপ্তাহের মধ্যে জেলার মুখ্য বিচারিক কর্মকর্তাকে নতুন তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে।"
তিনি বলেন, "চার সপ্তাহ পর ওই শিক্ষককে (মামুনুর রশিদ) আবারো হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
তিনি আরো জানান, আদালতের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যে ওই শিক্ষককে স্কুল থেকে বরখাস্ত করা হয়েছে।
এর আগে গত ১৩ জানুয়ারি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তি দেওয়ার নামে নির্যাতনকে সংবিধান পরিপন্থী ঘোষণা করে হাইকোর্ট।
পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধে প্রণীত গাইডলাইন চূড়ান্ত করে এর আলোকে ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৭২৩ ঘ.
bdnews24