ঢাকা, ফেব্রুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর খিলগাঁও ও পল্লবী থানা এলাকায় ছিনতাইকারীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে দুই ব্যবসায়ী আহত হয়েছেন।
এ সময় তাদের কাছ থেকে দুটি মোটর সাইকেল ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ব্যবসায়ী আয়নাল হোসেন (৩৮) খিলগাঁও মধ্যপাড়ার বাসা থেকে পুরান ঢাকায় যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়েন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন আয়নাল সাংবাদিকদের বলেন, "শাহজাহানপুর আসার পর একটি প্রাইভেট কারে ৪/৫ জন সন্ত্রাসী মোটর সাইকেল থামিয়ে আমার হাতে ছুরি মারে এবং পায়ে গুলি করে। এরপর আমাকে টেনে নামিয়ে বাইক নিয়ে চলে যায়।"
পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ব্যবসায়ী টুটুল (৩০) ছিনতাইকারীদের কবলে পড়েন বৃহস্পতিবার রাত দেড়টার দিকে। প্রাইভেটকারে চড়ে আসা ছিনতাইকারীরা পল্লবীর ইস্টার্ন হাউজিং এলাকায় একই কায়দায় পথ রোধ করে কুপিয়ে তার মোটর সাইকেল নিয়ে যায়।
স্বজনরা গভীর রাতে টুটুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
টুটুল সাংবাদিকদের জানান, পুরান ঢাকার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফিরছিলেন তিনি। বাসার কাছাকাছি এসেই ছিনতাইাকারীর কবলে পড়েন। তারা গাড়ি থেকে নেমে হাতে ও পিঠে চাইনিজ কুড়ালের কোপ দেয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনা দুটি খিলগাঁও ও পল্লবী থানাকে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমইউএস/জেকে/১৭০২ ঘ.
bdnews24