বরিশাল, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের জেরে বরিশালের প্রায় সব রুটে বাস চলাচল এখন পর্যন্ত বন্ধ রয়েছে।
নগরীর নথুল্লাবাদ টার্মিনাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ দুই একটি রুটের বাস ছাড়লেও মালিক সমিতির নেতারা বলেছেন, চালক না থাকায় অনভিজ্ঞদের দিয়ে চালাতে হচ্ছে।
তারা দাবি করেন, পুলিশের মামলার কারণে বাস শ্রমিকদের অধিকাংশই পালিয়ে বেড়াচ্ছেন।
বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চালক না থাকায় ইচ্ছে থাকলেও বাস চালাতে পারছেন না তারা।
তিনি জানান, উদ্ভূত পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে মালিক সমিতির বৈঠকের কথা রয়েছে। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে।
পরিবেশ দূষণের দায়ে জরিমানাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে বাস শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাংবাদিক পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়।
সংঘর্ষের ঘটনায় মালিক ও শ্রমিকরা ওইদিন দুপুর ২টার দিকে বাস চলাচল বন্ধ করে দেয়।
বাস টার্মিনাল এলাকায় অবস্থানকারী নগরীর ১৪ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগ সভাপতি আরিফুর রহমান হাবিব বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে শ্রমিক নেতারা বাস টার্মিনালে অবস্থান নিয়েছেন। তারা সব রুটে বাস চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।
সরোজমিনে গিয়ে দেখা যায়, টার্মিনালে অবস্থিত দূরপাল্লার ৩২টি বাস কাউন্টার বন্ধ রয়েছে।
তবে বরিশাল-ঢাকা রুটের হানিফ ও সুরভী পরিবহনের দুটি বাস ছাড়ার অপেক্ষায় ছিলো।
নেতৃবৃন্দের হস্তক্ষেপে অভ্যন্তরীণ রুটের দুটি বাস ছেড়ে গেছে।
যাত্রীরা অভিযোগ করেন, বাস বন্ধ থাকার সুযোগে মাইক্রোবাস ও টেম্পোচালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছে।
অভিযোগ অস্বীকার করে বরিশাল শ্রমিক লীগ সভাপতি ও টেম্পো শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহজাহান হাওলাদার বলেন, বাস চলাচল বন্ধ থাকায় টেম্পোতে করে নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে।
এদিকে বিপুল সংখ্যক র্যাব ও পুলিশ বাস টার্মিনাল এলাকায় অবস্থান করছে।
নগরীর বিমান বন্দর থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, বিভিন্ন রুটের চলাচলকারী বাস চালক ও শ্রমিকদের যাতে কেউ বাধা দিতে না পারে সেজন্য টার্মিনাল এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
সংঘর্ষের ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনী ২২ জনকে আটক করে। এদের মধ্যে পরে তিনজনকে ছেড়ে দেওয়া হয়।
বাকি ১৯ শ্রমিকসহ ৫শ' জনকে আসামি করে বিমান বন্দর থানার ওসি এবং জেলা পুলিশের এক উপ-পরির্দশক বাদি হয়ে পৃথক দুটি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪১ ঘ.
bdnews24