২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের সময় ভাতা পাবেন চট্টগ্রামের ৫০ ভিক্ষুক

বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে চট্টগ্রাম নগরীকে ভিক্ষুকমুক্ত রাখতে ৫০ প্রতিবন্ধী ভিক্ষুককে ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) মেয়র মনজুর আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2011, 08:52 AM

Updated : 24 Aug 2022, 02:26 PM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে চট্টগ্রাম নগরীকে ভিক্ষুকমুক্ত রাখতে ৫০ প্রতিবন্ধী ভিক্ষুককে ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) মেয়র মনজুর আলম। বুধবার সকালে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সিসিসি আয়োজিত 'প্রতিবন্ধী ভিক্ষুকদের সাথে মতবিনিময়' শীর্ষক সভায় এ ঘোষণা দেন তিনি। মেয়র মনজুর বলেন, "আসন্ন বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে চট্টগ্রামে দেশি-বিদেশি পর্যটক, খেলোয়াড় ও সাংবাদিকরা আসবেন। এসময় ভিক্ষা করলে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হবে বিবেচনায় সিসিসি এ উদ্যোগ নিয়েছে।" পর্যায়ক্রমে প্রতিবন্ধী ভিক্ষুকদের পুনর্বাসন করা হবে বলে আশ্বাস দেন তিনি। পুনর্বাসনের যথাযথ ব্যবস্থা হলে এ পেশা ছেড়ে দেওয়ার আশ্বাস দেন সভায় উপস্থিত ভিক্ষুকরা। সভায় নগরীর বিভিন্ন মোড়ে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত প্রায় দুইশ' ভিক্ষুক অংশ নেন। চট্টগ্রাম প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিমিয় সভায় বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, সিসিসি'র প্রধান নির্বাহী মনজুর-ই-এলাহী ও সিসিসি'র সমাজকল্যাণ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর হাসান মুরাদ। সিটি মেয়র জানান, পুনর্বাসনের জন্য প্রাথমিকভাবে ৩০০ জনের একটি তালিকা করা হয়েছে। পাঁচ সদস্যের লিঁয়াজো কমিটি যাচাই-বাছাই শেষে ৫০ জনকে নির্বাচিত করবে। ন্যূনতম শ্রমের বিনিময়ে চলতি মাস থেকে তাদের পারিশ্রমিক দেওয়া হবে। বিশ্বকাপ উপলক্ষে সিসিসি'র উদ্যোগে পরীক্ষামূলকভাবে তিন মাসের একটি প্রকল্প নেওয়া হয়েছে বলে জানান সিটি মেয়র। মেয়র বলেন, "নির্বাচিত ৫০ জনকে সিসিসি'র সেবকের পোশাক দেওয়া হবে। তাদের কিছু কাজও দেওয়া হবে।" ভিক্ষুকদের প্রথম মাসের ভাতা বাবদ ব্যয় স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড নির্বাহ করবে বলে জানান তিনি। চট্টগ্রাম প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি নূর মোহাম্মদ বলেন, "মেয়রের নির্দেশে নগরীর বাদামতলী, চৌমুহনী, দেওয়ানহাট, টাইগারপাস, জিইসি, দুই নম্বর গেইট ও মুরাদপুর মোড়ের প্রতিবন্ধী ভিক্ষুকদের তালিকা করা হয়েছে।" তিনি আগামীকাল বৃহস্পতিবার থেকে এসব সড়কে ভিক্ষাবৃত্তি না করতে ভিক্ষুকদের প্রতি আহ্বান জানান। সংগঠনের সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন বলেন, যদি এ কার্যক্রম সফল হয় তাহলে বিশ্বের কাছে চট্টগ্রাম দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি নগরীতে চলাচলকারী বাসে প্রতিবন্ধীদের জন্য আসন সংরক্ষণের দাবি জানিয়ে বলেন, ঘুষ না দিলে আমরা সরকারের দেয়া প্রতিবন্ধী ভাতা পাই না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/সিএস/এমআই/১৪৪০ ঘ.