ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধানমণ্ডি আবাসিক এলাকায় কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলার অনুমতি দেওয়ার ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট।
পাশাপাশি এ আবাসিক এলাকার বৈশিষ্ট্য রক্ষা করে ব্যবসায়িক প্রতিষ্ঠান অপসারণের নির্দেশ কেন দেওয়া হবে না, সরকার ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কাছে তার জানতে চেয়েছে আদালত।
বুধবার বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ এবং বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ একটি রিট আবেদনে এ আদেশ দেয়।
মঙ্গলবার হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করেন ধানমণ্ডি কল্যাণ সমিতির সভাপতি অধ্যাপক এএফএম মাসুদ ও সম্পাদক এমএ মতিন।
সরকারের পূর্ত সচিব, পরিবেশ সচিব, রাজউকের চেয়ারম্যান, ঢাকার মেয়রসহ আট জনকে জবাব দিতে তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে।
এছাড়া ১৯৯৯ সালে পূর্ত মন্ত্রণালয়ের তৈরি করা অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানের তালিকা অনুযায়ী তা অপসারণের কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা চার সপ্তাহের মধ্যে জানাতে বলা হয়েছে পূর্ত সচিব ও রাজউক চেয়ারম্যানকে।
রিট আবেদনটির শুনানিতে অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, "১৯৯৯ সালের ৭ সেপ্টেম্বর পূর্ত মন্ত্রণালয় অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানের একটি তালিকা তৈরি করেছিলো। কিন্তু সেগুলো অপসারণের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।"
"ধানমণ্ডি আবাসিক এলাকায় বেআইনিভাবে ব্যবসায়িক প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে এবং তা অব্যাহত রয়েছে", বলেন তিনি।
শুনানিতে সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল করুণাময় চাকমা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪১২ ঘ.
bdnews24