২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে 'জ্বরে' চারজনের মৃত্যু

লালমনিরহাটের হাতিবান্ধায় 'জ্বরে' চারজন মারা গেছে। এদের মধ্যে তিনজনই শিশু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2011, 05:04 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

লালমনিরহাট, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের হাতিবান্ধায় 'জ্বরে' চারজন মারা গেছে। এদের মধ্যে তিনজনই শিশু। মঙ্গলবার দুপুর থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এদের মৃত্যু হয়। এদের মধ্যে একজন মারা যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। বাকিরা বাড়িতে ও হাসপাতালে নেওয়ার পথে। গত দুই দিনে আরো প্রায় ৩০ জন আক্রান্ত হয়েছে। প্রথমে থেমে থেমে জ্বর আসে। পরে সমস্ত শরীর ঠাণ্ডা হয়ে য়ায় এবং আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে বলে রোগীর স্বজনরা জানান। হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. গোলাম মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এটি ভাইরাসজনিত রোগ। তবে কী ধরনের ভাইরাস সেটা তারা সনাক্ত করতে পারেননি। বিষয়টি জেলার সিভিল সার্জনসহ উচ্চ পর্যায়ে জানানো হয়েছে। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৩০ জন রোগীকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে রংপুর ও ঢাকায় পাঠানো হয়েছে। মারা যাওয়া চারজন হলো- উপজেলার টংভাঙ্গা গ্রামের বেলাল হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন (৩), গেন্দুকুড়ি গ্রামের আব্বাস আলীর ছেলে রাজ্জাক আলী (৩২), সানিয়াজান চরের মকবুল আলীর মেয়ে সাবিনা (৩) ও হাতিবান্ধা বাসস্ট্যান্ড এলাকার অশোক ঘোষের ছেলে অরণ্য ঘোষ (৮)। অশোক ঘোষ, সাবানা বেগমসহ একাধিক অভিভাবক জানান, সাজ্জাদ হোসেন (৩) ও রাজ্জাক আলী (৩২) সোমবার মধ্যরাতে হঠাৎ করে জ্বরে আক্রান্ত হন। তাদের তাৎক্ষণিক হাতিবান্ধা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার দুপুরে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পথেই তাদের মৃত্যু হয়। সাবিনা বিকালে বাড়িতে মারা যায় বলে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন। অন্যদিকে অরণ্য ও তার বোন অনন্যাকে হাতিবান্ধা হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা। রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় অরণ্য মারা যায়। অন্যদিকে দক্ষিণ গড্ডিমারী গ্রামের সাবানা বেগমের ছেলে কাজলকে (৪) ঢাকা পাঠানো হয়েছে বলে স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন। সন্ধ্যা পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করে হাতিবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুজ্জামান জানান, উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে বলা সম্ভব নয় এটি কি ধরনের রোগ। তবে ভাইরাসজনিত রোগ হতে পারে। তিনি বলেন, রাতে রংপুরে আরো একজনের মৃত্যুর খবর তিনি শুনেছেন। তবে তাকে সরকারিভাবে জানানো হয়নি। তার জানা মতে দুজন রোগীকে ঢাকায় পাঠানো হয়েছে বলে ইউএনও জানান। লালমনিরহাটের সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর হোসেন সরকার বলেন, স্বাস্থ্য কর্মকর্তাদের নিয়ে দল গঠন করা হয়েছে। তারা মাঠে কাজ করছেন। তিনি আরো জানান, রোগ নির্ণয়ের জন্য একজন রোগীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মঙ্গলবার একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। রাতে রাজধানীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রংপুর মেডিকেল কলেজ থেকে তারা কিছু নমুনা পেয়েছেন। পরীক্ষা চলছে, আগামীকাল বুধবার ফল জানা যাবে। তিনি বলেন, এ সময় এ ধরনের জ্বর হচ্ছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩০০ ঘ.