নরসিংদী, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হত্যা করার জন্যই ট্রাক চালক আলাউদ্দিন আলা ওরফে আল আমিন পুলিশ বহনকারী পিকআপ ভ্যানটিকে চাপা দিয়েছে।
সাক্ষ্য প্রমাণে দেখা গেছে, এই উদ্দেশ্য ছাড়া এভাবে সাদা রং দিয়ে চিহ্নিত বিভাজক রেখা অতিক্রম করে পুলিশের গাড়িকে চাপা দেওয়ার আর কোনো কারণ নেই।
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ১০ পুলিশ সদস্য নিহতের ঘটনার তদন্ত প্রতিবেদন এ কথা বলা হয়েছে।
দুর্ঘটনার ১৬দিন পর সোমবার তদন্ত দল জেলার পুলিশ সুপারিনটেনডেন্টের কাছে প্রতিবেদন জমা দিয়েছে।
মঙ্গলবার বিষয়টি সাংবাদিকদের জানানো হয়।
পুলিশ সুপারিনটেনডেন্ট আক্কাছ উদ্দিন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনটি দুই এক দিনের মধ্যে পুলিশ সদর দপ্তরে পাঠানো হবে।
গত ১৫ জানুয়ারি ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার ঘাশিরদিয়া এলাকায় ট্রাক চাপায় নিহত হন ১০ পুলিশ সদস্য।
এরা হলেন- বেলাব থানার ওসি ফারুক আহমেদ খান (৪৫), পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক (৪২), উপ-পরিদর্শক কঙ্কন কুমার মণ্ডল (৪২), কনস্টেবল কৃষ্ণ কুমার বর্মণ (৫০), রিয়াজ উদ্দিন (৪০), নারায়ণ চন্দ্র (৪৫), বজলুর রহমান (৫০), মাসুদ পারভেজ (৪২), প্রিয়তোষ পাল (৫০) ও চালক রেজাউল হক (৪০)।
১৭ জানুয়ারি নরসিংদীর পৌর নির্বাচনে দায়িত্ব পালনের জন্য তারা নরসিংদী পুলিশ লাইনে যাচ্ছিলেন।
দুর্ঘটনা তদন্তে জেলার অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট বিজয় বসাককে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়।
কমিটির অন্য দুই সদস্য হলেন- সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (সদর সার্কেল) কাজী হেলালউদ্দিন ও ট্রাফিক পরিদর্শক শামসুল আলম।
কমিটির সদস্যরা জানান, ১৫ ও ১৮ জানুয়ারি তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে তারা বেলাব থানা ও শিবপুর থানার পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন।
এছাড়া পিকআপ ভ্যানটির কাগজপত্র পরীক্ষা, মোটরযান পরিদর্শকের কাছ থেকে তথ্য সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেওয়া হয়।
পরবর্তীতে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটির অবস্থান, সংবাদকর্মীদের ধারণ করা ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখা হয়।
এসব দেখার পাশাপাশি পারিপার্শ্বিক অবস্থাও বিবেচনায় আনা হয় প্রতিবেদন তৈরির ক্ষেত্রে।
প্রতিবেদনে বলা হয়, ট্রাক চালক দুর্ঘটনাটি এতটাই আকস্মিকভাবে ঘটান যে পুলিশ পিকআপ ভ্যানের চালকের কিছুই করার ছিলো না।
তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট বিজয় বসাক সাংবাদিকদের বলেন, "আমাদের তদন্তে দেখা গেছে- পুলিশ সদস্যদের হত্যার উদ্দেশ্যে ট্রাকচালক দ্রুত গতিতে ও বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে পিকআপটিকে সামনের দিক থেকে চাপা দিয়েছে।"
তিনি আরো বলেন, নিরাপত্তার স্বার্থে ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদী জেলার অংশে বিভিন্ন গাড়িতে তল্লাশি করা হয়। এতে ট্রাকচালকেরা পুলিশের উপর ক্ষিপ্ত।
তদন্ত দলের প্রধান আরো জানান, দুর্ঘটনায় নিহত সব পুলিশ সদস্যের পরিবারকে তাদের প্রত্যেকের এক বছরের মূল বেতনের সমপরিমাণ অর্থের থোক অনুদান বরাদ্দ করা হয়েছে।
পুলিশ সুপারিনটেনডেন্ট আক্কাছ উদ্দিন ভূঁইয়া জানান, সোমবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ সদস্যের স্মরণে শোক সভা হয়েছে।
ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ১০ পুলিশ সদস্যের প্রত্যেকের পরিবারকে দুই লাখ টাকার চেক দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৮ ঘ.
bdnews24