নূরুল ইসলাম হাসিব
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তামাক নিয়ন্ত্রণে আরো কড়াকড়ি আরোপ করতে এ সংক্রান্ত আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে দুই বছরেও এর খসড়া চূড়ান্ত করা যায়নি।
তামাকের ব্যবহার বাড়তে থাকায় তামাকবিরোধী বিভিন্ন সংগঠন মনে করে, কঠোর আইনের মাধ্যমেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ প্রবণতা নিয়ন্ত্রণ করা সম্ভব। আইন সংশোধনে দীর্ঘসূত্রতাকে প্রশাসনিক ব্যর্থতা বলেই মনে করছে তারা।
সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের খসড়া তৈরি করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কর্মসূচি ব্যবস্থাপকের পদে গত এক বছরে তিন বার পরিবর্তন এনেছে সরকার।
এক মাস আগে দায়িত্ব নেওয়া কর্মসূচি ব্যবস্থাপক আজম-ই-সাদাত সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি খসড়াটি চূড়ান্ত করার কাজ করে যাচ্ছেন।
"আমরা তামাকবিরোধী সংগঠকদের এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েছি এবং তা নিয়ে কাজ করছি", বলেন তিনি।
বাংলাদেশ তামাকবিরোধী জোটের সদস্য সচিব ইকবাল মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের জন্য করণীয় সবকিছুই তারা করেছেন।
তবে এ বিষয়ে সরকার কম মনোযোগী বলে অনুযোগ করেন তিনি। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদে বারবার পরিবর্তন কাজ ব্যাহত করছে বলেও মনে করেন তিনি।
সাদাত বলেন, শুধু তামাক নিয়ন্ত্রণই নয়, তামাক ব্যবহার কমাতে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।
তিনি জানান, সংশোধিত আইনের খসড়াটি চূড়ান্ত হলে তা এ সংক্রান্ত টাস্কফোর্সে পাঠানো হবে। এরপর মন্ত্রিপরিষদে পাঠানোর আগে তা আন্তঃমন্ত্রণালয় সভায় তোলা হবে।
তামাকসেবীদের ওপর বিশ্বব্যাপী ২০০৯ সালে চালানো এক জরিপে দেখা যায়, বাংলাদেশে ৪ কোটি ১৩ লাখ মানুষ ধূমপান এবং ধোঁয়াবিহীন তামাক সেবন করে। ২০০৭ সালে এ সংখ্যা ছিলো প্রায় ৩ কোটি ২৩ লাখ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিওএইচও) হিসেবে, ধূমপানের কারণে বাংলাদেশে বছরে ৫৭ হাজার মানুষের মৃত্যু হয় এবং ৩ লাখ ৮২ হাজার মানুষ অক্ষম হয়ে পড়ে। এ জন্য তামাক নিয়ন্ত্রণ আরো কঠোর করতে মত জানায় সংস্থাটি।
তামাকবিরোধী আন্দোলনে সম্পৃক্ত তাইফুর রহমান জানান, ধূমপান এবং তামাক উৎপাদিত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন-২০০৫ এ যুবকদের ধূমপানের অভ্যাস ত্যাগ এবং ধূমপায়ীদের সাহায্য না করার বিষয়টি রয়েছে।
তার দেওয়া তথ্য অনুযায়ী, দেশে প্রায় ২ কোটি ৫৯ লাখ মানুষ ধোঁয়াবিহীন তামাক যেমন জর্দা, সাদা পাতা এবং গুল নিয়ে থাকে।
বর্তমান আইনের সমালোচনা করে তাইফুর বলেন, ২০০৫ এর আইনে কর্মস্থলে ধূমপানের জন্য আলাদা স্থানের সুযোগ রাখা হয়েছে। আর এভাবে ধূমপানমুক্ত পরিবেশ তৈরি হবে না।
দেশে ১৫ বছরের বেশি বয়সি ৪৫ শতাংশ মানুষ পরোক্ষ ধূমপানের স্বীকার জানিয়ে তিনি বলেন, যা সরাসরি ধূমপানের মতোই ক্ষতিকর।
এখন সিগারেটের প্যকেটে সতর্কবার্তা থাকলেও সচিত্র সতর্কবার্তা না থাকাও বিদ্যমান আইনের একটি দুর্বল দিক বলে মনে করেন তাইফুর।
"সিগারেটের প্যাকেটের ৫০ ভাগ জুড়ে যদি সচিত্র সতর্কবার্তা থাকে, তাহলে ধূমপান অনেকাংশে কমে যাবে", বলেন তিনি।
সরকারের বড় ধরনের রাজস্ব তামাক কোম্পানিগুলোর কাছ থেকে আসে বলে স্বীকার করেন তাইফুর। তবে একই সঙ্গে তিনি বলেন, বাস্তবে তামাক সংক্রান্ত রোগ নিরাময়ে মানুষের তার চেয়ে বেশি খরচ হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মানুষের বিভিন্ন রোগের মধ্যে ৩০ শতাংশের জন্য দায়ী তামাক। আর প্রাণঘাতী ৬০ শতাংশ রোগও হয় তামাক সেবন থেকে।
বাংলাদেশের মত উন্নয়নশীল দেশগুলোকে তারা সতর্ক করেছে, যে সব দেশে তামাক নিয়ন্ত্রণ আইন কঠোর নয়, সে সব দেশগুলোতেই ব্যবসার প্রসার ঘটাচ্ছে তামাক কোম্পানিগুলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/আরএম/এমআই/১৮৪৫ ঘ.
bdnews24