২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মজুরি কাঠামো না মানলে নিবন্ধন বাতিল: মন্নুজান

তৈরি পোশাক শিল্প শ্রমিকদের জন্য ঘোষিত মজুরি কাঠামো মানা না হলে সংশ্লিষ্ট গার্মেন্টসের নিবন্ধন (লাইসেন্স) বাতিল করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2011, 06:12 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৈরি পোশাক শিল্প শ্রমিকদের জন্য ঘোষিত মজুরি কাঠামো মানা না হলে সংশ্লিষ্ট গার্মেন্টসের নিবন্ধন (লাইসেন্স) বাতিল করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। মন্নুজান সুফিয়ান বলেন, "আমি বিশ্বাস করি যারা ন্যূনতম মজুরি কাঠামো মানছে না তারা বিজিএমইএ'র সদস্য নয়। এ সব গার্মেন্টসের তালিকা ও তাদের সম্পর্কে তথ্য উপাত্ত সরকারকে দিন। তাদের লাইসেন্স বাতিল করা হবে।" 'পোশাক শিল্পের নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের চ্যালেঞ্জসমূহ এবং করণীয়' শীর্ষক এ আলোচনার আয়োজন করে মাল্টিস্টেক হোল্ডার ফোরাম বাংলাদেশ ফর গার্মেন্টস। প্রতিমন্ত্রী পোশাক শিল্পের উন্নয়নে আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধানে মালিক ও শ্রমিক উভয় পক্ষের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, "শ্রমিককে মালিকের অবস্থা বুঝতে হবে। আবার মালিকেরও বুঝতে হবে দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে শ্রমিকের বেতন বাড়ানো উচিত।" আলোচনায় শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ইসরাফিল আলম পণ্য উৎপাদন ব্যয় (সিএম) বাড়িয়ে দেওয়ার জন্য ক্রেতাদের (বায়ার্স ফোরাম) প্রতি আহ্বান জানান। তিনি বলেন, "ক্রেতারা উৎপাদন ব্যয় (সিএম) বাড়িয়ে না দিলে গার্মেন্টস মালিকদের পক্ষে শ্রমিকদের বেতন বাড়ানো সম্ভব না।" অনুষ্ঠানে গার্মেন্টস শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতিনিধিত্ব করার কথা থাকলেও শুরুতে শ্রমিক পক্ষের কোনো প্রতিনিধিকে মঞ্চে ডাকা হয়নি। এ নিয়ে শ্রমিকরা অসন্তোষ প্রকাশ করলে পরে বাংলাদেশ জাতীয় শ্রমিক জোটের সভাপতি শিরিন আক্তারকে মঞ্চে ডাকা হয়। শিরিন আক্তার মালিক শ্রমিক সম্পর্ক আরও সহজ ও বিশ্বস্ত করে গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, "কিছু একটা ঘটলেই চার পাঁচ হাজার শ্রমিকের বিরুদ্ধে গণমামলা, পুলিশি হয়রানি করলে এ সম্পর্ক কখনই সহজ হবে না।" অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, বাণিজ্য সচিব গোলাম হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এএল/০০০১ ঘ.