ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রয়াত আব্দুর রাজ্জাকের স্মরণে সভা করেছেন ছাত্রলীগের সাবেক নেতারা।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই স্মরণসভা।
সভায় প্রয়াত আব্দুর রাজ্জাকের রাজনৈতিক জীবনের পর্যালোচনা করে তারা বলেন, দেশের বিভিন্ন সংকটে আওয়ামী লীগের যে কয়েকজন নেতা বিশ্বস্ততা এবং দায়বদ্ধতা নিয়ে কাজ করেছেন তাদের মধ্যে আব্দুর রাজ্জাক অন্যতম।
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, “রাজ্জাক মানুষকে ভালবাসতেন, সেই কারণেই দেশ এবং জাতির প্রতি তিনি আজীবন দায়বদ্ধ ছিলেন। তিনি ছিলেন বঙ্গবন্ধুর মানসপুত্র।”
তবে মাহমুদুর রহমান মান্না এবং নূরে আলম সিদ্দিকী রাজ্জাকের রাজনৈতিক জীবন সম্পর্কে আলোকপাতের পাশাপাশি অভিযোগ করেন, সরকারি দল রাজ্জাকের প্রতি যথেষ্ট সুবিচার করেনি।
জীবনের অন্তিম মূহূর্তে দলের নেতারা এবং মন্ত্রিসভার সদস্যরা তার সঙ্গে দেখা করেননি উল্লেখ করে তারা বলেন, মৃত্যুর মধ্য দিয়ে তিনি প্রমাণ করলেন যে চলমান সংকীর্ণ দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে তিনি একজন সত্যিকার জননেতা হয়ে উঠেছিলেন।
আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বক্তব্য দেওয়ার সময় স্থান-কাল-পাত্র বিবেচনায় রাখার প্রতি গুরুত্ব আরোপ করেন।
তিনি বলেন, “আমাদের এমন কোনো জায়গায় এমন কোনো কথা বলা উচিত নয় যা দলকে ক্ষতিগ্রস্ত করতে পারে, কিংবা নেতৃত্বের ভাবমূর্তি ক্ষুণœ করতে পারে।”
সভায় আরো উপস্থিত ছিলেন সুধীর কুমার হাজরা, আনোয়ারুল হক মঞ্জু, নুরুল ফজল বুলবুল, মাযহারুল ইসলাম বাকীসহ ছাত্রলীগের সাবেক নেতারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/পিডি/২১৩৪ ঘ.
bdnews24